বাড়ি দখলের চেষ্টার ঘটনায় আরো চারজন গ্রেফতার
বাড়ি দখলের চেষ্টার ঘটনায় আরো চারজন গ্রেফতার । সংগৃহীত

রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও জোরপূর্বক প্রবেশের চেষ্টার ঘটনায় আরো চার আসামিকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

Advertisement

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন রাজিব হাওলাদার (৩০), সাগর ওরফে ছোট বিগার (২৪), শাকিব (২৩) ও রাশেদ (২৪)।

এ ঘটনায় এ নিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করা হলো। এর আগে আরো পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আরো একজনকে গ্রেফতার করে।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, সোমবার রাত ২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশ জানতে পারে, বাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় জড়িত কয়েকজন আসামি নবোদয় হাউজিং কাঁচাবাজার-সংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড় এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে আদাবর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে সাত থেকে আটজনকে দেখতে পায়।

পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করলে তারা ধারালো অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে রাজিব হাওলাদার ও সাগর ওরফে ছোট বিগার পায়ে গুলিবিদ্ধ হয়।

পরে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ রাজিব হাওলাদার ও সাগর ওরফে ছোট বিগারকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃত রাজিব হাওলাদার আলোচিত মোহাম্মদপুরের বাবু হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় মোট আটটি মামলা রয়েছে। এছাড়া শাকিব ও রাশেদের বিরুদ্ধে পাঁচটি করে মামলা রয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর ভোরে খুরশিদ আলম খানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে শ্যামলী হাউজিংয়ের ৪১ ও ৪২ নম্বর প্লটে হামলা চালায়। এ সময় তারা ভবনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা ও ভাঙচুর করে। এ ঘটনায় আদাবর থানায় মামলা দায়ের করা হয়েছে। বাসস