শামা ওবায়েদ, সহিংসতা, বিরোধ, মধ্যস্থতা, বাংলাদেশ, জাতিসঙ্ঘ, শান্তিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, নিউইয়র্ক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সংগৃহীত

অভিযোগ বা বিরোধ সহিংসতায় রূপ নেয়ার আগেই তা সমাধানে মধ্যস্থতা কার্যক্রম জোরদারের আহবান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জাতিসঙ্ঘের ‘গ্রুপ অব ফ্রেন্ডস অব মেডিয়েশন’-এর ১৬তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহবান জানান।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউইয়র্কে তুর্কি হাউসে অনুষ্ঠিত বৈঠকে শামা ওবায়েদ বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠার সক্ষমতা বাড়াতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি)-এর মাধ্যমে পরিচালিত ‘ইন্টিগ্রেটেড পিসবিল্ডিং কম্পিটেন্সি প্রোগ্রাম’ শান্তি প্রতিষ্ঠায় সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি রাষ্ট্রগুলোর আঞ্চলিক অংশীদার, স্থানীয় মধ্যস্থতাকারী এবং জাতিসঙ্ঘের মধ্যে আরো শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার আহবান জানান। একইসাথে জাতীয় মালিকানার নীতিকে সম্মান করার ওপর গুরুত্ব দেন।

জাতিসঙ্ঘের প্রতিরোধমূলক কার্যক্রমের সক্ষমতা বাড়াতে আরো কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান শামা ওবায়েদ। তিনি পূর্বাভাসযোগ্য অর্থায়ন, দ্রুত মোতায়েনযোগ্য মধ্যস্থতা সহায়তা এবং আগাম সতর্কতার ভিত্তিতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

মধ্যস্থতা কার্যক্রমে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহারের ওপরও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রাখার আহবান জানান তিনি।

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহের সাইডলাইনে ফিনল্যান্ড ও তুরস্কের যৌথ আয়োজনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।