
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশী।
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দফতরের ওয়েবসাইটে জাইমা রহমানকে লিগ্যাল অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশী কূটনীতিক আব্দুল আলিম ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো: রফিকুল আলম মোল্লা স্বল্পোন্নত ও বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার সভাপতিত্বে বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেবেন তারেক রহমান।
জাতিসঙ্ঘ কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, জাইমা রহমান সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। কার্যালয়ের আইনি বিষয়গুলো দেখাশোনা করাই হবে তার প্রধান দায়িত্ব।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা: জুবাইদা রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।
জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন।
এদিকে ৮১তম সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পাওয়া আব্দুল আলিম দীর্ঘদিন ধরে কূটনৈতিক পেশায় যুক্ত। এর আগে তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন।








