
জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ঢাকাকে একটি মডেল সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্রমান্বয়ে সংস্কার এবং উন্নয়নমূলক কাজ করার বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া পুরান ঢাকাকে পুনর্গঠন ও আধুনিকায়নের জন্য একটি পাইলটিং প্রকল্প হাতে নেয়া হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
কমিটির সভাপতি মো: রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শহরে খেলার মাঠ এবং পার্কের স্বল্পতার বিষয়ে আলোচনা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এ বিষয়ে যৌথভাবে কাজ করা হচ্ছে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কাজের অংশ হিসেবে সারাদেশে প্রায় সাড়ে তিন লাখ স্কয়ার ফিট ছাদে সোলার প্যানেল বসানোর কাজ চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।
পরিত্যক্ত/বিতর্কিত প্লটগুলো নিয়ে জটিলতা নিরসনে কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে ন্যায্যতার ভিত্তিতে এবং আইনগতভাবে সুরাহা করে ভুক্তভোগীদের অধিকার নিশ্চিত করার বিষয়ে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়।
বৈঠকে ভূমি দখলদারদের থেকে জাতীয় সম্পত্তি উদ্ধারের বিষয়েও আলোচনা হয়। স্বচ্ছতা আনয়নে ল্যান্ড ব্যাংক বা ভূমি তথ্য ভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে বলে জানা যায়। এক্ষেত্রে অটোমেশন করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৮০ দিনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি এবং মন্ত্রণালয়ের ২০২৭ সালের ৩০শে জুন সমাপ্য অর্থবছরের জন্য প্রদত্ত বাজেটের খাতওয়ারি বিভাজন ও ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়।
বৈঠকে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে মোট ৪৪টি প্রকল্প চলমান রয়েছে এবং প্রকল্পগুলোর অনুকূলে মোট বরাদ্দ রয়েছে ৩৫১৪ কোটি টাকা।
এছাড়াও সরকারি ভবনসমূহের ভূমিকম্প সহনশীলতা নির্ণয় করা এবং প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য একটি প্রকল্প চলমান রয়েছে এবং ৪২টি জেলায় সরকারি ভবনসমূহের ভূমিকম্প সহনশীলতা নির্ণয় করার জন্য প্রজেক্ট নেয়া হবে বলে জানা যায়।
রাজউকের প্ল্যান পাসের দীর্ঘসূত্রিতা নিরসন করে একে ওয়ান স্টপ সার্ভিস করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বাসস







