
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। দুই দেশই এ খাতে এগিয়ে থাকতে বিপুল বিনিয়োগ করছে। এই প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চায় না ইসরাইলও। এআইয়ের জন্য প্রয়োজনীয় বিপুল তথ্য প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়ানো, সামরিক শক্তি জোরদার করা এবং বিশ্বে নিজেদের প্রভাব বাড়াতে আদাপানি খেয়ে দ্রুত ডাটা সেন্টার নির্মাণ করছে দেশটি।
এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং ইসরাইলকে তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ বলে অভিহিত করেছেন। এআই প্রযুক্তির গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে ইসরাইল এখন ডাটা সেন্টার নির্মাণের অনুমোদনপ্রক্রিয়া সহজ করছে এবং প্রকল্পগুলোর কাজ দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে।
গত জুনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের এআই উন্নয়নে একটি ব্যাপক জাতীয় পরিকল্পনা ঘোষণার সময় বলেন, ‘আমরা ইসরাইলকে বিশ্বের এআই পরাশক্তিতে পরিণত করব।’
এআই প্রযুক্তির বিশ্বে ইসরাইলের অবস্থান ইতিমধ্যে বেশ শক্তিশালী। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া ইসরাইলি প্রতিষ্ঠান মেলানক্স অধিগ্রহণের মাধ্যমে বিশ্বের সবচেয়ে মূল্যবান সেমিকন্ডাক্টর কোম্পানি হয়ে ওঠার পথে বড় সাফল্য পায় । কম্পিউটার নেটওয়ার্কিং পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানটি ২০২০ সালের এপ্রিলে প্রায় ৭০০ কোটি ডলারে কিনে নেয় এনভিডিয়া।
এ অধিগ্রহণ এনভিডিয়ার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে মেলানক্সকে ঘিরে গড়ে ওঠা প্রতিষ্ঠানটির নেটওয়ার্কিং ব্যবসা থেকে আয় হয়েছে ২ হাজার ১০০ কোটি ডলারের বেশি। এনভিডিয়ার ওই প্রান্তিকের মোট আয়ের প্রায় ১৮ শতাংশ এসেছে এ খাত থেকে।
যুক্তরাষ্ট্রের বাইরে গবেষণা ও উন্নয়নে এনভিডিয়ার সবচেয়ে বড় কার্যক্রম এখন ইসরাইলে। গত তিন বছরে দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা দ্বিগুণ হয়ে ৬ হাজারে দাঁড়িয়েছে। সাতটি গবেষণা ও উন্নয়নকেন্দ্রে কাজ করছেন তারা। হাইফার কাছে কিরিয়াত তিভনে ১০ হাজার কর্মীর কাজের উপযোগী একটি বড় গবেষণা ও উন্নয়ন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে এনভিডিয়ার।
সেপ্টেম্বরে ইসরাইলি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এআই খাতে দেশের উচ্চাভিলাষী খায়েস তুলে ধরেন। তিনি বলেন, ‘পাঁচ বছরের মধ্যে আমরা বিশ্বের তৃতীয় এআই শক্তিতে পরিণত হব।’
বিশ্লেষকদের মতে, ডাটা সেন্টার নির্মাণে ইসরাইলের এ উদ্যোগ দেশটির অবকাঠামো ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। এতে বিপুল পরিমাণ তথ্য দ্রুত প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে। এর প্রভাব পড়বে সামরিক শক্তি ও ভূরাজনৈতিক প্রভাবের ওপরও।
নতুন জাতীয় অবকাঠামো
ইসরাইলের প্রযুক্তি খাতের বড় প্রকল্পগুলোর একটি হলো পরিকল্পিত ওফেক ডাটা সেন্টার। ২০২৯ সালের দ্বিতীয়ার্ধে নির্মাণ শেষ হলে এটি হবে দেশটির সবচেয়ে বড় ডাটা সেন্টার। আশদোদ বন্দরের উত্তরে এ সেন্টার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান সার্ভারফার্ম এবং ইসরাইল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডসহ কয়েকটি প্রতিষ্ঠানের একটি জোট প্রকল্পটির অর্থায়ন করছে। প্রাথমিকভাবে এতে ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ডলার। ভবিষ্যতে সম্প্রসারণ ও উন্নয়নের জন্য আরো ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া ফাইবার-অপটিক কেবলের মাধ্যমে ডাটা সেন্টারটি সরাসরি ইউরোপের বাজারের সাথে যুক্ত হবে। এতে এনভিডিয়ার ডাটা সেন্টারের জন্য তৈরি জিপিইউ ব্যবহার করা হবে, যাতে সার্ভারের কাজ দ্রুত সম্পন্ন করা যায়। শুরুতে এর সক্ষমতা হবে ১৩০ মেগাওয়াট। পরে তা বাড়িয়ে ২০০ মেগাওয়াট করার পরিকল্পনা রয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান ডেটা সেন্টার ম্যাপের হিসাবে, ইসরাইলে বর্তমানে ৬৭টি ডাটা সেন্টার রয়েছে। নতুন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে নেতানিয়াহু সরকার বিভিন্ন প্রশাসনিক ও নিয়ন্ত্রক বাধা দূর করছে।
গত ফেব্রুয়ারিতে সরকার এআই ডাটা সেন্টারকে জাতীয় অবকাঠামো হিসেবে শ্রেণিভুক্ত করার উদ্যোগ নেয়। এর ফলে স্থানীয় পর্যায়ের বিধিনিষেধ এড়িয়ে নতুন প্রকল্প বাস্তবায়ন সহজ হওয়ার কথা। তবে সম্প্রসারণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ সরবরাহ। গত মাসে ইসরাইলের বিদ্যুৎ কর্তৃপক্ষ নতুন সব ডাটা সেন্টারের সক্ষমতা সর্বোচ্চ ২০০ মেগাওয়াটে সীমিত করে দেয়। জাতীয় বিদ্যুৎ গ্রিডে সংযোগের চাহিদা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্লেষকদের মতে, আধুনিক ডাটা সেন্টার পরিচালনার সবচেয়ে বড় ব্যয় বিদ্যুৎ। নতুন কেন্দ্র কত দ্রুত নির্মাণ করা যাবে এবং সেগুলো থেকে কতটা মুনাফা আসবে, তা অনেকটাই নির্ভর করছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ওপর।
লন্ডনভিত্তিক স্বাধীন গবেষক ও এআই পরিচালনব্যবস্থা বিশেষজ্ঞ রাজিব দালাল আল জাজিরাকে বলেন, ‘অনুমোদন দ্রুত দেয়ার বিষয়টি প্রশাসনিক সিদ্ধান্ত। কিন্তু নির্মিত ডাটা সেন্টার চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ নিশ্চিত করা সম্পূর্ণ আলাদা বিষয়। এই দুইয়ের মধ্যবর্তী ব্যবধানেই প্রকল্পের অর্থনৈতিক যৌক্তিকতার পরীক্ষা হবে।’
তার মতে, ‘ইসরাইল ছোট একটি দেশ। দেশটির বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা সীমিত এবং উন্নত হার্ডওয়্যারের জন্য আমদানির ওপর নির্ভর করতে হয়।’ তিনি বলেন, ‘পরাশক্তি হতে হলে গিগাওয়াট পর্যায়ের সক্ষমতা, নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ এবং উন্নত চিপের নিয়মিত প্রাপ্যতা প্রয়োজন।’
অর্থাৎ, এআই নিয়ে বড় স্বপ্ন বাস্তবায়নে বিপুল বিদ্যুৎ প্রয়োজন।
ডাটা সেন্টারগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি ও অবকাঠামোমন্ত্রী এলি কোহেন বলেছেন, ইসরাইলকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের ব্যবহারও বাড়াতে হবে। পূর্ব ভূমধ্যসাগরের তামার, লেভিয়াথান ও কারিশ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এসব গ্যাসক্ষেত্র লেবাননের সাথে বিরোধপূর্ণ পানিসীমার কাছাকাছি অবস্থিত। এ ছাড়া ২০২৭ সালে উৎপাদনে আসার কথা রয়েছে চতুর্থ গ্যাসক্ষেত্র কাটলানের।
ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, আশদোদ বন্দরের পাশে নির্মিতব্য ৮৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে সরাসরি ওফেক ডাটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান ক্লেইন সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির জননীতি গবেষক মার্ক এসপোসিতো মনে করেন, ডাটা সেন্টার নির্মাণের পেছনে বাণিজ্যিক লাভের চেয়ে ভূরাজনৈতিক ও কৌশলগত বিবেচনাই বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আল জাজিরাকে বলেন, ‘শুধু বাজারের দক্ষতা ও মুনাফার হিসাব করলে দেশের ভেতরে এআই ডাটা সেন্টার নির্মাণের যৌক্তিকতা অনেক সময় খুঁজে পাওয়া কঠিন। কিন্তু কৌশলগতভাবে এআইয়ে এগিয়ে যেতে চাওয়া একটি দেশের কাছে নিজস্ব ডাটা সেন্টার থাকা তাৎক্ষণিক মুনাফার বিষয় নয়। বরং ভবিষ্যতের শিল্পব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণবিন্দুর মালিক হওয়ার বিষয়।’
নিজস্ব ডাটা সেন্টার থাকলেই কোনো দেশ এআই পরাশক্তি হয়ে যায় না। তবে এগুলো ছাড়া এআই পরাশক্তি হওয়া অত্যন্ত কঠিন। এসপোসিতোর ভাষায়, ‘ডাটা সেন্টারগুলোই এআই শক্তির ভৌগোলিক ভিত্তি।’
তার মতে, সময়ের সাথে এসব ডাটা সেন্টার ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, এআই গবেষণাগার, সেমিকন্ডাক্টর প্যাকেজিং, শীতলীকরণ প্রযুক্তির বিশেষজ্ঞ এবং জ্বালানি অবকাঠামোকে আকৃষ্ট করবে। এর মধ্য দিয়ে এমন একটি প্রযুক্তি পরিবেশ গড়ে উঠবে, যেখানে দক্ষ জনশক্তি, পুঁজি ও তথ্য একে অপরের সক্ষমতা বাড়াবে।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









