হত্যার অভিযোগ থাকায় আদালতের নির্দেশে নিহতের লাশ উত্তোলন করা হচ্ছে
হত্যার অভিযোগ থাকায় আদালতের নির্দেশে নিহতের লাশ উত্তোলন করা হচ্ছে। নয়া দিগন্ত
ads

সিরাজগঞ্জের তাড়াশে মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে পূর্বশত্রুতার জেরে হাইস গাড়িচাপা দিয়ে দুই যুবককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃত্যুর ২০ মাস চার দিন পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে তাদের লাশ উত্তোলন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামে পারিবারিক কবরস্থান থেকে দু’জনের লাশ উত্তোলন করা হয়। এ সময় কবরস্থানে উৎসুক জনতার ভিড় জমে।

নিহত দু’জন হলেন— তাড়াশ উপজেলার হেমনগর গ্রামের মরহুম আজিজ ফারুকীর ছেলে রোকুনুজ্জামান রোকন ফারুকী ও তার প্রতিবেশী ভাতিজা নাসির উদ্দিন নান্টু।

লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নেজারত শাখার দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: সায়েম, হেমনগর জামে মসজিদের সভাপতি বাবুল হোসেন, সলঙ্গা থানার একদল পুলিশ সদস্য, নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৪ মার্চ জমিজমা সংক্রান্ত মামলার হাজিরা দিতে আদালতে যাচ্ছিলেন রোকুনুজ্জামান ও নাসির উদ্দিন। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় হাইস গাড়ির চাপায় তারা নিহত হন। তবে পূর্বশত্রুতার জেরে তাদের গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু সে সময় ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল।

নিহত রোকুনুজ্জামানের ছোট ভাই ও মামলার বাদী ফেরদৌস মামুন ওরফে শাওন ফারুকী (৩৭) দাবি করেন, তার ভাই ও প্রতিবেশী ভাতিজার মৃত্যু কোনো সড়ক দুর্ঘটনা ছিল না। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার চাচা আব্দুল ওয়াহাব ও চাচাতো ভাই মোনায়েম হোসেন জেমস পরিকল্পিতভাবে হাইস গাড়িচাপা দিয়ে তাদের হত্যা করেছেন।

এ অভিযোগে ফেরদৌস মামুন ওরফে শাওন ফারুকী চলতি বছরের ১০ সেপ্টেম্বর সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমলি আদালতে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন— হেমনগর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে ও মামলার প্রধান আসামি মোনায়েম হোসেন জেমস (৩৫), তার ছোট ভাই জাকির হোসেন (২৭), জেমসের বাবা আব্দুল ওয়াহাব (৫২), জেমসের সহযোগী মোহাম্মদ রাসেল সরকার (২২) ও অপর সহযোগী মোহাম্মদ শাকিল হোসেন ওরফে শুটার শাকিল (২২)।

আদালতের বিচারক পিটিশন মামলাটি গ্রহণ করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেন। একইসাথে নিহত দু’জনের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তেরও আদেশ দেয়া হয়।

এদিকে, কবরস্থান থেকে রোকুনুজ্জামান রোকন ফারুকী ও নাসির উদ্দিন নান্টুর লাশ উত্তোলনের পর প্রয়োজনীয় আইনগত ও পুলিশি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নেজারত শাখার দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।