
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি নেয়া হবে।
আজ মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত ন্যাশনাল কমিটি ফর উইল ডিফাই হেজার্ড ম্যানেজমেন্ট এট দ্যা এয়ারপোর্ট অফ বাংলাদেশ’র প্রথম সভায় তিনি এ কথা বলেন।
সভায় বাংলাদেশের বিমানবন্দরসমূহে নিরাপদে বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিতকল্পে পাখিসহ বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, এভিয়েশন খাতের উন্নয়নের জন্য নিরাপদে বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা অপরিহার্য। সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ের বার্ড হিটের তথ্য যাচাইপূর্বক বিমানবন্দরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আরো বলেন, উদ্ভুত সমস্যা সমাধানে অত্যাধুনিক প্রযুক্তির এন্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের মাধ্যমে বিমানবন্দরসমূহে পাখি নিয়ন্ত্রণ করতে হবে।
এছাড়া প্রয়োজনীয় সংখ্যক বন্দুক ক্রয়ের ব্যবস্থাগ্রহণ এবং শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের জন্য কর্তৃপক্ষকে কাজ শুরু করার নির্দেশনা দেন মন্ত্রী।
কমিটির উপস্থিত সদস্যবৃন্দের উদ্দেশে মন্ত্রী বলেন, সেফ ফ্লাইজোন নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। দ্রুত সমন্বয়ের সুবিধার্থে প্রতি তিন মাস অন্তর সভা আয়োজন করার নির্দেশ দেন মন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ন্যাশনাল কমিটি ফর উইল ডিফাই হেজার্ড ম্যানেজমেন্ট এট দ্যা এয়ারপোর্ট অফ বাংলাদেশ’র সদস্যবৃন্দ।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









