
ইরানের সাথে যুদ্ধের সময় ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ পড়েছে। সেইসাথে ইন্টারসেপ্টরের সম্ভাব্য ঘাটতিও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে প্রতিরক্ষা ব্যবস্থা গোছানোর চেষ্টা করছে ইসরাইল।
ইরানের সাথে সঙ্ঘাতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা আরো জোরদার করছে দেশটি। এর অংশ হিসেবে দেশটি তাদের বহুস্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা কাঠামোর মধ্যম স্তরে থাকা ‘ডেভিডস স্লিঙ’ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরিসীমা বাড়িয়েছে।
জানা যায়, ইরানের সাথে সঙ্ঘাতের সময় ব্যয়বহুল ও সহজে ব্যাপক উৎপাদন করা সম্ভব নয়— এমন ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের ওপর অতিরিক্ত নির্ভরশীল ছিল ইসরাইল। একইসাথে দীর্ঘস্থায়ী আক্রমণ মোকাবেলায় ইন্টারসেপ্টরের পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তাও লক্ষ্য করে দেশটি।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইল বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষাবিষয়ক গবেষণার প্রধান জানান, বর্তমানে ইসরাইল আগের তুলনায় বিস্তৃত পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলা করতে সক্ষম। এমনকি কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা টানা আক্রমণও সামাল দেয়ার সক্ষমতা অর্জন করেছে দেশটি।
ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি মোকাবেলায় তৈরি ‘ডেভিডস স্লিঙ’ ইসরাইলের বহুস্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যবর্তী স্তরে কাজ করে। এটি স্বল্পপাল্লার হুমকি মোকাবেলায় ব্যবহৃত ‘আয়রন ডোম’ ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ‘অ্যারো’ ব্যবস্থার মধ্যবর্তী স্তর হিসেবে দায়িত্ব পালন করে।
জানা যায়, ইরানের সাথে সঙ্ঘাতের সময় ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভাণ্ডারের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছিল। বিশেষ করে ইন্টারসেপ্টরের সরবরাহ ও মজুত নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ইন্টারসেপ্টর উৎপাদন বৃদ্ধির ওপরও গুরুত্ব দিচ্ছে দেশটি।
এর আগে ‘দ্য জেরুসালেম পোস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের সাথে যুদ্ধের সময় ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ পড়ে এবং ইন্টারসেপ্টরের সম্ভাব্য ঘাটতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরবর্তী সময়ে কার্যকর পরীক্ষার ভিত্তিতে ‘ডেভিডস স্লিঙ’ ব্যবস্থায় বিভিন্ন উন্নয়ন আনা হয় এবং ইন্টারসেপ্টর উৎপাদনের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়।
এ বিষয়ে ‘জেরুসালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটি’-এর বিশ্লেষক উজি রুবিন জানান, তিনি ইসরাইলের প্রথম জাতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির তত্ত্বাবধান করেছিলেন।
তার ভাষায়, ‘আমরা যখন প্রথম প্রজন্মের কাইনেটিক (সরাসরি আঘাত করে ধ্বংসকারী) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিলাম, তখন ধারণা ছিল, আমাদের হয়তো হাতেগোনা কয়েকটি হুমকির মোকাবেলা করতে হবে; শত শত বা হাজার হাজার হুমকির নয়। এখন আমাদের সাশ্রয়ী মূল্যের কাইনেটিক কিল মিসাইল (ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অস্ত্র) তৈরির দিকে নজর দিতে হবে।’
বিশ্লেষকদের মতে, ইরানের সাথে সঙ্ঘাতের অভিজ্ঞতা ইসরাইলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ক্ষেত্রে শুধু প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো নয়; বরং দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পর্যাপ্ত ও সাশ্রয়ী ইন্টারসেপ্টর উৎপাদন ও মজুত নিশ্চিত করার প্রয়োজনীয়তাও সামনে এনে দিয়েছে।
সূত্র : দ্য জেরুসালেম পোস্ট
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









