কিয়েভের একটি সেতু
কিয়েভের একটি সেতু। সংগৃহীত ছবি
ads

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের দু’টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) নতুন করে ব্যাপক হামলা চালানোর পর এ তথ্য জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিৎসকো।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বার্তায় মেয়র বলেন, ‘রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ফলে পডিলস্কো-ভসক্রেসেনস্কি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেতুটি দিয়ে শহরের ডান তীর থেকে বাম তীরে যান চলাচল বন্ধ রয়েছে। দারনিৎস্কি সেতুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরো জানান, সাউদার্ন ব্রিজেও হামলা হয়েছে। তবে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এর আগে চলতি সপ্তাহে ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর এর প্রতিশোধ নিতে ‘আরো ভয়াবহ’ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপের ওপর পুতিনের নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে বিবেচিত হয় এই সেতু।

ইউক্রেনের সংবাদমাধ্যম সাসপিলনে জানিয়েছে, শুক্রবার ভোরে কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

দেশটির বিমানবাহিনীর কমান্ড টেলিগ্রামে জানায়, রাজধানীর দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটে আসছিল।

কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, রুশ হামলার পর রাজধানীর ওবোলন ও পডিল এলাকায় দু’টি ভবনে আগুন ধরে যায়।

এদিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের মেয়র ইগর তেরেখভ শুক্রবার জানান, রাশিয়ার একটি ড্রোন হামলায় শহরের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিগ্রামে দেয়া বার্তায় তিনি বলেন, ‘এ ঘটনায় চারজন আহত হয়েছেন এবং হাসপাতালের ৫০টির বেশি জানালার কাচ ভেঙে গেছে।’

এছাড়া হামলার পর শহরের শেভচেনকিভস্কি এলাকায় একটি আবাসিক ভবন কমপ্লেক্সেও আগুন লাগার কথা জানিয়েছেন তিনি।

সূত্র : বাসস