
মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং পাকিস্তানের বিশিষ্ট আলেম ও দেশটির সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর নির্ধারিত বাংলাদেশ সফর নিয়ে দুঃসংবাদ দিয়েছেন সফরের সমন্বয়ক ও জাতীয় উলামা আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ। তিনি জানিয়েছেন, সফরটি আপাতত স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুফতি মিজানুর রহমান সাঈদ।
আগামী ২২ নভেম্বর থেকে সাত দিনের সফরে মুফতি তাকি উসমানীর বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত সফরটি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হলো।
আরো পড়ুন : নতুন করে যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, তারাও ধ্বংস হবে
সংবাদ সম্মেলনে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, বাংলাদেশ সরকার মুফতি তাকি উসমানীর সফরের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সারা দেশে কঠিন পরিস্থিতি ও অরাজকতা বিরাজ করছে। এ অবস্থায় তাকে এখন বাংলাদেশে না এনে কিছুদিন পর সফরের আয়োজন করার পরামর্শ দেয়া হয়েছে।
তাকি উসমানীর এই ছাত্র বলেন, বিষয়টি মেনে নেয়া আমাদের জন্য কিছুটা কঠিন ছিল। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, যাতে সফরটি যথাসময়ে অনুষ্ঠিত হতে পারে। আজকের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে—এমন আশাও ছিল। তবে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পাঠানো একটি ভয়েস বার্তার মাধ্যমে বিষয়টি আরো স্পষ্ট হয়। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় যেহেতু বর্তমান পরিস্থিতিতে সফরটিকে ঝুঁকিপূর্ণ মনে করছে, তাই শেষ পর্যন্ত সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। মুফতি তাকি উসমানীর বয়স ও শারীরিক অবস্থার বিষয়টিও বিবেচনায় রাখতে হয়েছে।
তিনি জানান, মুফতি তাকি উসমানী ভয়েসের মাধ্যমে তাকে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাংলাদেশ সফরে আসবেন। সরকারের পক্ষ থেকেও পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে আনার কথা জানানো হয়েছে।
এর আগে, ঘোষিত সফরসূচি অনুযায়ী, ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নয়টি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল মুফতি তাকি উসমানীর। এর মধ্যে আন্তর্জাতিক ইসলামী মহাসমাবেশ, দস্তারবন্দী সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহী সম্মেলন এবং দরসে বুখারির মতো গুরুত্বপূর্ণ আয়োজন ছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









