
ইরানের পারস্য উপসাগরীয় উপকূলে নতুন করে হামলার মধ্যেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় নতুন অগ্রগতির আভাস পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় ইরানের পারস্য উপসাগরীয় উপকূলের বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে; এর মধ্যে রয়েছে কেশম দ্বীপ, সিরিক , জাস্ক এবং বন্দর আব্বাস। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, কেশম দ্বীপের পূর্বাংশে দুটি বিস্ফোরণ ঘটেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও জাস্ক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। শব্দগুলোর কারণ এখনো স্পষ্ট নয়।
তবে রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদক ধারণা প্রকাশ করেছেন যে, হরমুজ প্রণালী রক্ষায় ইরানের সামরিক কার্যক্রমের অংশ হিসেবে এই শব্দগুলো হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সাথে একটি নতুন যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং পারমাণবিক আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে পর্দার অন্তরালে এক কূটনৈতিক প্রচেষ্টায় শীর্ষ নেতৃত্ব দিচ্ছেন।
মার্কিন সংবাদভিত্তিক ডিজিটাল মিডিয়া সংস্থা অ্যাক্সিওস-এর প্রতিবেদন অনুযায়ী, গত দুই সপ্তাহে তিনি আঞ্চলিক প্রধান মধ্যস্থতাকারীদের সাথে প্রায় প্রতিদিনই যোগাযোগ বজায় রেখেছেন।
বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস-এর প্রতিনিধি বারাক রাভিদ জানান, ভ্যান্স কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-সানি এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।
প্রায় দুই সপ্তাহ আগে ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাইয়ের কাছে সরাসরি আলোচনা আবার শুরু করার প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। ইরানি কর্মকর্তারা এই চিঠিকে ইতিবাচক গতিশীলতা তৈরির পদক্ষেপ হিসেবে দেখেছেন বলে জানা গেছে।
এই কূটনৈতিক প্রচেষ্টায় হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনারও যুক্ত রয়েছেন। ভ্যান্স এবং মধ্যস্থতাকারীরা মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে কার্যনির্বাহী পর্যায়ের একটি কারিগরি বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা করেছেন, যদিও এখন পর্যন্ত এমন কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।
মধ্যস্থতার সাথে যুক্ত সূত্রগুলো এই আলোচনাকে কিছুটা অগ্রসর হচ্ছে বলে বর্ণনা করলেও এর গতি বেশ ধীর বলে জানিয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








