
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হঠানোর প্রচেষ্টা জোরদার করতে গত সপ্তাহের নির্বাচনের পর সোমবার ইসরাইলি পার্লামেন্টে আরব দলগুলো তাদের প্রথম যৌথ বৈঠক করেছে।
১২০ সদস্যের নেসেটে নির্বাচিত দলগুলোর সাথে কোন আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া উচিত তা নির্ধারণে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আগামী বুধবার থেকে আলোচনা শুরু করবেন। তার দুদিন আগেই এই বৈঠক অনুষ্ঠিত হলো।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে আরব দলগুলো ১৯টি আসন লাভ করেছে; যেখানে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন এবং ইহুদি বিরোধী দলগুলো ৪৮টি আসন পেয়েছে।
তবে কোনো জোটই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন অর্জন করতে পারেনি। জয়েন্ট লিস্টের পার্লামেন্টারি ব্লকের প্রধান আহমেদ তিবি মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বৈঠকের একটি ছবি পোস্ট করেন।
'জয়েন্ট লিস্ট এবং ইউনাইটেড আরব লিস্টের নেতৃত্বের মধ্যে একটি সমন্বয় ও পরামর্শ বৈঠক,' ক্যাপশনে লেখেন তিবি।
তিনি জানান, এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো 'নেতানিয়াহু, (ইতামার) বেন-গভির এবং (বেজালেল) স্মোটরিচের সরকারকে উৎখাত করা এবং এর স্থানে একটি পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা করা।'
প্রকাশিত ছবিতে তিবির পাশে ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিস অ্যান্ড ইকুয়ালিটির জয়েন্ট লিস্ট নেতা ইউসুফ জাবালিন, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যাসেম্বলির প্রতিনিধি বকর আওয়াওদেহ এবং ইউনাইটেড আরব লিস্টের নেতা মনসুর আব্বাসকে দেখা যায়।
পরবর্তী সরকার গঠনের ম্যান্ডেট কে পাবেন সে বিষয়ে দলগুলোর সাথে প্রেসিডেন্ট হারজোগের আনুষ্ঠানিক বৈঠকের আগে রাজনৈতিক মহলে আলোচনা জোরদার হওয়ার মধ্য দিয়েই এই উদ্যোগ সামনে এলো।এর আগে রোববার, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন 'টুগেদার' পার্টি ঘোষণা দিয়েছিল যে তারা প্রধানমন্ত্রী পদের জন্য 'ইয়াশার' পার্টির নেতা গাদি আইজেনকোটকে সুপারিশ করবে।ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার ক্যান সোমবার জানিয়েছে, ইয়াইর গোলানের নেতৃত্বাধীন 'দ্য ডেমোক্র্যাটস' পার্টিও আইজেনকোটকে সুপারিশ করার দিকেই অগ্রসর হচ্ছে।
এদিকে চ্যানেল ১২ 'ইসরাইল বেইতেনু' নেতা আবিগদোর লিবারম্যানকে উদ্ধৃত করে জানিয়েছে, তিনিও হারজোগের কাছে আইজেনকোটের নামই সুপারিশ করবেন।
নেতানিয়াহুকে আবারো সরকার গঠন করা থেকে বিরত রাখার প্রচেষ্টায় আরব আইনপ্রণেতারাও ইঙ্গিত দিয়েছেন, তারা আইজেনকোটকে সুপারিশ করতে পারেন।
যদি ১৯ জন আরব আইনপ্রণেতার সবাই বিরোধী দলগুলোর সাথে যোগ দিয়ে আইজেনকোটকে সুপারিশ করেন, তবে তিনি ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পাবেন; যা নেতানিয়াহুর ৫৩টি আসনের তুলনায় অনেক বেশি।
নেতানিয়াহুর লিকুদ পার্টি নেসেটের একক বৃহত্তম দল হিসেবে বহাল থাকা সত্ত্বেও এই ধরনের সমীকরণ প্রেসিডেন্ট হারজোগের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে, তিনি কাকে প্রথমে সরকার গঠনের দায়িত্ব দেবেন।৭৬ বছর বয়সী নেতানিয়াহু পাঁচ মেয়াদে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা তাকে দেশটির ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানে পরিণত করেছে।
তিনি ২০২২ সালের শেষভাগ থেকে বর্তমান সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যা ইসরাইলের ইতিহাসে সবচেয়ে চরম ডানপন্থী জোট হিসেবে ব্যাপকভাবে অভিহিত।
দুর্নীতির বিচার ও আইসিসির পরোয়ানার মুখে নেতানিয়াহুনেতানিয়াহু বর্তমানে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মতো দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন, যেখানে দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে।
এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া সামরিক অভিযানে ৭৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার পর, সেখানে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে।
সূত্র : আনাদুলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








