
সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হাউছি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সোমবার জোটের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু সোমবার (২ নভেম্বর) এ খবর জানায়। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্রটি ধ্বংসের কথা জানান। তবে ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল কিংবা এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সৌদি আরবের ওপর হাউছিদের পাল্টাপাল্টি সীমান্ত হামলা বেড়ে যাওয়ার মধ্যে এ ঘটনা ঘটল। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ধ্বংস করেছে। একই সময়ে সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া কয়েকটি ড্রোনও প্রতিহত করেছে জোটের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট ও হাউছিদের মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ার প্রেক্ষাপটে এসব হামলা চলছে। দেশটিতে বছরের পর বছর ধরে চলা সংঘাতে ভয়াবহ মানবিক সঙ্কট তৈরি হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








