নোয়াখালীতে বিএনপি নেতার মামলায় জামায়াত-শিবিরের ৬ নেতা কারাগারে
নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক এ আদেশ দেন। নয়া দিগন্ত
ads

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি নেতার দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের ছয় নেতার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানের আদেশ দিয়েছেন আদালত। এর আগে, এ মামলায় দলের ৩৪ নেতাকর্মী হাইকোর্ট থেকে জামিন নেন। হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হলে তারা নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানী শেষে আদালত ৩৪ জনের মধ্যে ছয়জনের জামিন আবেদন না মঞ্জুর করেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক এ আদেশ দেন।

জেলা জামায়াত সূত্রে জানা যায়, হাইকোর্ট থেকে জামিন নিয়ে বিকেলে জামায়াত শিবিরের ৩৪ জন নেতা কর্মী নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির হলে জামায়াতের চার ও শিবিরের দুই নেতার জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন আদালত। এ ছয় নেতা হচ্ছেন মোহর আলী, হাম্মাদুর রহমান, আনাস বিন মুঈন, নুর নবী, বেনী আমিন খোকন ও নুর মোহাম্মদ।

এ ঘটনার নিন্দা জানিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন গ্রেফতার ছয় নেতার মুক্তির দাবি জানান। 

জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন বলেন, বিএনপি নেতা আলাউদ্দিন নিজেদের দলীয় কোন্দলের ঘটনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। 

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের তাহেরপুর গ্রামে হামলার ঘটনা ঘটে। এতে শাকিল মাহমুদ (৩১) নামের এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় শাকিলের পরিবারের সদস্যসহ আরও সাতজন আহত হন।

পরে, শাকিলের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় একটি মামলা করা হয়। মামলায় স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ৩৬ জনকে আসামি করা হয়। ছয়ানী ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন এ মামলা দায়ের করেন।