
পারস্য উপসাগরে ইরানের কেশম দ্বীপের কাছে দুটি মাছ ধরার নৌকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে এক জেলে আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো দুই জেলে। হামলার সময় নৌকা দুটিতে মোট চারজন জেলে ছিলেন।
ইরানের ইংরেজি চ্যানেল প্রেসটিভি শনিবার (৩১ অক্টোবর) জানায়, হরমোজগান প্রদেশের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিকবিষয়ক উপগভর্নর আহমদ নাফিসি এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে বিনা উসকানিতে এ হামলা চালানো হয় বলে জানান তিনি।
কেশম কাউন্টির উপকূলীয় গ্রাম মাসানের কাছ থেকে প্রায় ১৮ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে। হামলার পর দুই জেলেকে উদ্ধার করে কেশমে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের একজন আহত হওয়ায় দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়। বাকি দুই জেলের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।
নাফিসি বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সাথে দেখছে। আনুষ্ঠানিক ও বিস্তারিত প্রতিবেদন পাওয়ার পর আরো তথ্য জানানো হবে।’
ইরানের মাছ ধরার নৌকায় মার্কিন বাহিনীর এ হামলা পারস্য উপসাগর ও ওমান সাগরে ইরানের নৌযান এবং জেলেদের ওপর ধারাবাহিক মার্কিন আগ্রাসনের সর্বশেষ ঘটনা। এর আগে হরমোজগান প্রদেশে মার্কিন হামলায় ১২ জন ইরানি জেলে নিহত এবং ৭৬০টি নৌযান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছিল ইরানের বিচার বিভাগ।
তেহরান বারবার এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের উসকানি আঞ্চলিক সমুদ্রপথের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং উপকূলীয় এলাকার মানুষের জীবিকা হুমকির মুখে ফেলছে। ইরানি কর্মকর্তাদের বক্তব্য, ইরানের আঞ্চলিক জলসীমা ও একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে বেসামরিক নৌযানের ওপর নজরদারি বা হস্তক্ষেপ করার কোনো বৈধ অধিকার মার্কিন সামরিক বাহিনীর নেই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








