
বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি আরব ভোটারদের বিরুদ্ধে উসকানি দিয়ে এবং তাদের রাজনৈতিক প্রতিনিধিত্বকে অবৈধ প্রমাণ করার জন্য নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে আরব নেতৃত্বাধীন দলগুলো এ অভিযোগ করেছে।
জোটটি জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু ও তার জোটের পরিচালিত এই প্রচারণাটি মূলত আরব ভোটারদের রাজনৈতিক শক্তির প্রতি তাদের ভয়কেই ফুটিয়ে তোলে। আরব ভোটারদের ব্যাপক ভোটদানকে তারা মেনে নিতে পারছে না। আর এই উচ্চহারের ভোটদানের কারণেই নেতানিয়াহুর জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন অর্জনে ব্যর্থ হয়েছে।
জোটটির ভাষ্যমতে, সরকারের যুদ্ধনীতি, বাড়িঘর ধ্বংস, উচ্ছেদ ও উসকানি—পাশাপাশি আরব শহরগুলোতে ক্রমবর্ধমান অপরাধ দমনে সরকারের ব্যর্থতার প্রতিবাদেই আরব ভোটাররা বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছিলেন।
বিবৃতিতে বলা হয়, আরব ভোটারদের অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করার এই প্রচেষ্টা একটি সুসংগঠিত প্রচারণার অংশ, যা নির্বাচনের কয়েক মাস আগেই শুরু হয়েছিল। এর মধ্যে আরব রাজনৈতিক দলগুলোর প্রার্থিতা বাতিল করার চেষ্টা এবং ভোটারদের ভয় দেখানোর মতো ঘটনাও অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে এমন সব মিথ্যা অভিযোগের মাধ্যমে এই প্রচারণাটি অব্যাহত রয়েছে, যা সরাসরি আরবদের ভোট এবং তাদের নির্বাচনী সাফল্যকে লক্ষ্যবস্তু করছে।
আরব জোট বিরোধী দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে যে, তারা নেতানিয়াহুর দাবিগুলোর পুনরাবৃত্তি না করেন এবং বর্ণবাদী ‘কাহানিস্ত’ আন্দোলনের মতো উসকানিমূলক বক্তব্য পরিহার করেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘যারা এই সরকারকে পরিবর্তন করতে চান, তারা সেই একই সরকারের উসকানিমূলক বয়ান গ্রহণ করতে পারেন না। বিশেষ করে যখন এই মানুষগুলোই সরকারটিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে ভোটকেন্দ্রে এসেছিলেন।’
জোটটি ভোটারদের পছন্দের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে। একইসাথে তারা উসকানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া এবং বর্তমান সরকারের নীতির বিপরীতে এমন একটি বিকল্প গড়ে তোলার দাবি জানিয়েছে, যা ফিলিস্তিনিদের অধিকার ও দাবিগুলোকে সমুন্নত রাখবে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








