আঞ্চলিক সংকট, যুদ্ধ, প্রতিকূলতা,  ইরানের বিশ্ববিদ্যালয়, বিদেশি শিক্ষার্থী, বাড়বে,
ইরানে কয়েকজন বিদেশি শিক্ষার্থী। ওয়ানা

চলতি বছর ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বা বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৭০ থেকে ৮০ হাজারের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।  সম্প্রতি দেশটির 'অর্গানাইজেশন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স'-এর প্রধান সাঈদ হাবিবা এই তথ্য জানিয়েছেন।

Advertisement

ইরানের বার্তা সংস্থা ওয়ানা রোববার (১১ অক্টোবর) জানায়, মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক সংকট ও যুদ্ধের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ইরানে উচ্চশিক্ষার সুযোগ নেয়া অব্যাহত রেখেছেন। দেশটির সপ্তম উন্নয়ন পরিকল্পনায় নির্ধারিত লক্ষ্যমাত্রা ও বিদেশি শিক্ষার্থী ভর্তির নানা উদ্যোগ নিয়ে আলোচনার সময় সাঈদ হাবিবা এই আগ্রহের পেছনের কারণ তুলে ধরেন।

সাঈদ হাবিবা বলেন, 'ইরানি জনগণ নিজেদের প্রতিরোধ ও দৃঢ়তার মাধ্যমে এক মহান গৌরব অর্জন করেছে। আমাদের প্রিয় যোদ্ধারা শত্রুকে ইরানের সীমান্তের ওপারে আটকে রাখতে সক্ষম হয়েছেন। আর এ কারণেই ইরানে এসে পড়াশোনা চালিয়ে যাওয়ার চাহিদা এখনো অটুট রয়েছে।'

ইরানে বর্তমানে অধ্যায়নরত পুরোনো শিক্ষার্থীদের পাশাপাশি এ বছর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের হিসাব ধরে এই সম্ভাব্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ

বৈশ্বিক একাডেমিক অঙ্গনে নিজেদের অবস্থান আরো মজবুত করতে ইরান বেশ কিছু বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাচ্ছে 'সুরাইয়া' উৎসব। তেহরানের 'ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি'-তে তিন দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক স্তরের মেধাবী শিক্ষার্থীসহ সব বিদেশি শিক্ষার্থীকে কেন্দ্র করেই সাজানো হয়েছে এই আয়োজন। এর আগে দেশটির মাশহাদ ও শাহরুদ শহরেও বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ একাডেমিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।