ভ্লাদিমির পুতিন ও মাসুদ পেজেশকিয়ান
ভ্লাদিমির পুতিন ও মাসুদ পেজেশকিয়ান। সংগৃহীত ছবি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলাপকালে তেহরান ও মস্কোর মধ্যে দ্বিপক্ষীয় ও কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখা এবং আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

Advertisement

পুতিনের সাথে টেলিফোনে আলাপকালে তেহরান-মস্কো সম্পর্কের ইতিবাচক ও ক্রমবর্ধমান গতিধারার কথা উল্লেখ করেন পেজেশকিয়ান। তিনি বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখা ও আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বলেন, এই পথ অব্যাহত রাখা দুই দেশের অভিন্ন স্বার্থের অনুকূলে।

পুতিনও আলোচনায় তেহরান ও মস্কোর মধ্যে সমন্বিত কৌশলগত সহযোগিতা চুক্তির আওতায় চলমান সহযোগিতার বিষয়টি তুলে ধরে বলেন, আঞ্চলিক বিভিন্ন পরিবর্তন ও ঘটনা সত্ত্বেও দুই দেশের এই সহযোগিতা অব্যাহত রয়েছে এবং তা এগিয়ে নেয়া হচ্ছে।

ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুদের আগ্রাসনের মোকাবেলায় তাদের ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ প্রতিরোধের কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, ইরানের সাহসিকতা বিশ্বজুড়ে ব্যাপক মনোযোগ ও প্রশংসা অর্জন করেছে।

তিনি আরো বলেন, কিছু দেশ উত্তেজনা কমাতে মধ্যস্থতা ও সহযোগিতার চেষ্টা করছে। রাশিয়া এসব রাজনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে। 

পুতিন বলেন, ইরানের বন্ধুরা নিশ্চিত থাকতে পারেন যে মস্কোও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে ও সহযোগিতা করতে প্রস্তুত।

ফোনালাপের শেষে পুতিন তেহরান ও মস্কোর মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন। একইসাথে তিনি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির প্রতি উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দিতে বলেন।

সূত্র : পার্সটুডে