অধিকৃত পশ্চিম তীর,  গাজা, যুদ্ধের আহ্বান,  ইসরাইলি অর্থমন্ত্রী,
অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ইসরাইলি সেনা অভিযান চলছে। সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে গাজা উপত্যকার মতো যুদ্ধ শুরু করার আহ্বান জানিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। তিনি বলেছেন, ‘গাজায় যা করেছি, এখানেও,  পশ্চিম তীরে,  সেটাই করা উচিত।’

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু রোববার (২৭ সেপ্টেম্বর) জানায়, ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথকে দেয়া সাক্ষাৎকারে স্মোটরিচ এ কথা বলেন। তিনি পশ্চিম তীরের কিছু অংশে সীমিত নিয়ন্ত্রণ থাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিলুপ্ত করার আহ্বানও পুনর্ব্যক্ত করেন। 

এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচলে ইসরাইলি বিধিনিষেধ আরো কঠোর হয়েছে। বিভিন্ন তল্লাশিচৌকি বন্ধ এবং সড়কে প্রতিবন্ধকতা বসানোর কারণে অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে কর্মস্থল, বাড়িঘর ও প্রয়োজনীয় সেবায় মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরেও ইসরাইলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। ফিলিস্তিনি হিসাব অনুযায়ী, এতে ১ হাজার ২০৬ জনের বেশি ফিলিস্তিনি নিহত, ১৩ হাজার ৩০০-এর বেশি আহত এবং প্রায় ২৬ হাজার গ্রেপ্তার হয়েছেন।

এসব হামলায় বাড়িঘর ও অন্যান্য স্থাপনা ধ্বংস, মসজিদে আগুন দেয়া, কৃষিজমি বুলডোজার দিয়ে নষ্ট করা, কৃষকদের জমিতে যেতে বাধা দেয়া, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা এবং অবৈধ বসতি সম্প্রসারণের ঘটনা রয়েছে।

২০২৩ সাল থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। ধ্বংস হয়েছে উপত্যকার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো।

২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরাইলি সেনাবাহিনীর দৈনিক হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এসব হামলায় আরো ১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৫ হাজার আহত হয়েছেন।