
অন্যের নাম, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার সনদ চুরি করে তৎকালীন বাংলাদেশ রাইফেলসে (বিডিআর-বর্তমানে বিজিবি) সিপাহী পদে যোগদান এবং দীর্ঘ ৩৮ বছর চাকরি করে সরকারি বেতন-ভাতা আত্মসাতের দায়ে অবসরপ্রাপ্ত সিপাহী মো: আকবর আলীকে (ছদ্মনামধারী মো: জাহাঙ্গীর আলম) ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সিপাহী।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো: আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। একইসাথে তাকে জরিমানা এবং চাকরিকালীন উত্তোলিত সমুদয় বেতন-ভাতা সুদসহ সরকারি কোষাগারে ফেরত দেয়ার জন্য তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
দণ্ডবিধির পৃথক চারটি ধারায় তাকে সাজা দেয়া হয়েছে। এর মধ্যে দণ্ডবিধি ৪১৯ ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাসের কারাভোগ করতে হবে।
দণ্ডবিধি ৪৬৭ ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাসের কারাভোগ করতে হবে।
দণ্ডবিধি ৪৬৮ ধারায় চার বছর সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাসের কারাভোগ করতে হবে। এছাড়া দণ্ডবিধি ৪৭১ ধারায় এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাসের কারাভোগ করতে হবে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে তৎকালীন বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন সিরাজগঞ্জ সদরের কোনাগাতী গ্রামের মো: মহিরউদ্দিনের ছেলে মো: জাহাঙ্গীর আলম এবং চৌহালীর রেহাই কাউলিয়া গ্রামের মো: আকবর আলী। সে সময় জাহাঙ্গীর আলম অষ্টম শ্রেণি পাসের সনদ ও নাগরিকত্বের সনদ জমা দিয়ে চাকরির জন্য নির্বাচিত হন, কিন্তু পারিবারিক কারণে তিনি যোগদান করেননি।
অন্যদিকে আকবর আলী নিয়োগ পরীক্ষায় অযোগ্য বিবেচিত হন।
জাহাঙ্গীর আলমের যোগদান না করার সুযোগটি কাজে লাগিয়ে আকবর আলী তার অগোচরে জাহাঙ্গীর আলমের নাম, বাবার নাম, ঠিকানা ও সনদপত্র ব্যবহার করে প্রতারণামূলকভাবে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরের সিপাহী পদে যোগ দেন। পরবর্তী সময়ে ২০২২ সালের ২৫ মে পর্যন্ত তিনি চাকরি করে অবসর গ্রহণ করেন।
দুদকের তদন্তে উঠে আসে, অপরাধ ধামাচাপা দিতে আকবর আলী ১৯৮৪ সালে বিয়ের নিকাহনামাতেও নিজেকে ‘জাহাঙ্গীর আলম, পিতা-মহির উদ্দিন’ হিসেবে পরিচয় দেন। পরবর্তী সময়ে চাকরির খতিয়ান বইয়ে জন্ম তারিখ এবং বাবার নাম পরিবর্তন করেন। এমনকি ১৯৮৭ সালে নিজের ভুয়া ঠিকানা (কোনাগাতী গ্রাম) যমুনা নদীতে বিলীন হওয়ার মিথ্যা তথ্য দিয়ে স্থায়ী ঠিকানা পরিবর্তন করে চৌহালীর রেহাই কাউলিয়ায় স্থানান্তর করেন। পরবর্তী সময়ে তিনি ‘মো: জাহাঙ্গীর আলম’ নাম ও ‘জসিম উদ্দিন মন্ডল’ বাবার নাম ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রও (এনআইডি) তৈরি করেন।
ভুয়া পরিচয়ে বিডিআরে চাকরির বিষয়টি জানার পর প্রকৃত জাহাঙ্গীর আলম বিডিআর মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। তদন্ত শেষে ২০২২ সালের ৭ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ধর দুদকের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২৪ সালের ১১ এপ্রিল আদালতে দাখিল করেন দুদকের সহকারি পরিচালক সাধন চন্দ্র সূত্র ধর। এরপর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন আদালত । মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









