
ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষা করার সময়সীমা বেঁধে দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি আনোয়ার। বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না এবং এ নির্দেশনা অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে বলে মাইকিং করে ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি।
নিজেকে ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি বলেন, বিকেল ৫টার পর কেউ ভিক্ষা করতে পারবেন না। এ সময়ের পর কেউ ভিক্ষা করলে তাকে এক হাজার ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ড দেয়া হবে।
নকলা শহরের এক বাসিন্দা বলেন, আনোয়ার মিয়া হুইলচেয়ারে বসে ভিক্ষা করেন। তিনি হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে ভিক্ষা চান। নিজেকে ফকির সমিতির সভাপতি দাবি করে তিনি শেরপুর থেকে বকশীগঞ্জ এবং ময়মনসিংহের ফুলপুর পর্যন্ত নিজের এলাকা বলে উল্লেখ করেন।
ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ এবং নিয়ম লঙ্ঘনে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।
এদিকে, স্থানীয় কমিটির পক্ষ থেকে জরিমানা বা কারাদণ্ড দেয়ার এমন ঘোষণার আইনি এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









