
বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করল।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে ভার্সিটির ভাইস চ্যান্সেল (ভিসি) অধ্যাপক ড. মো: রেজাউল করিমসহ অতিথি, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে ভার্সিটি মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের এই শুভদিনে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আজকের এই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। ৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় এখন শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আলোকবর্তিকা নয়; দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তেও আলো ছড়াচ্ছে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি এ অঞ্চলের সামগ্রিক অর্থনীতি, সামাজিক ও শিল্প সংযোগের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: হারুনর রশীদ খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: নূরুন্নবী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: খসরুল আলম।
অনুষ্ঠানে ‘খুলনা বিশ্ববিদ্যালয় : অর্জন, রূপান্তর, ভবিষ্যৎ আকাঙ্ক্ষা’ শীর্ষক উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিকীকরণের বিভিন্ন দিক, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো: আশিক উর রহমান।
ধন্যবাদ জ্ঞাপন করেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: নাসিফ আহসান। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্যসচিব ও ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো: সালাউদ্দীন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে গত বছর বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান করা হয়। পরে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়।
অদম্য বাংলা প্লাজায় ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বিভিন্ন বিভাগ ও ডিসিপ্লিনের গত বছরের অর্জন ও আগামী বছরের পরিকল্পনা উপস্থাপন করা হয়।
এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক, রাস্তা, বিভিন্ন ভবন, হলসমূহ ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









