উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বদরগঞ্জ, রংপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বদরগঞ্জ, রংপুর। সংগৃহীত
ads

রংপুরের বদরগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে মকবুল হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) ভোররাতে উপজেলার লোহানিপাড়া ইউনিয়নের দলুয়া গ্রামের মিঠাপুকুর ফুলবাড়ি এশিয়ান হাইওয়ের পাশে একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দলিরামপুর ইউনিয়নের পালিপাড়া মৌবী ডাঙ্গা এলাকার সবুজ শেখের ছেলে।

ঘটনার পর নিহতের স্ত্রী আরজুমান আরা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পরে এ ঘটনায় চারজনকে আটক করা হলেও দু’জনকে গ্রেফতার দেখানো হয়েছে। 

গ্রেফতার দু’জন হলেন— চাপাইনবাবগঞ্জের নিমতলির সৈয়দ আখতার হোসেনের ছেলে সৈয়দ আসিফ আখতার সাহাদ (২৮) ও দিনাজপুরের রানীগঞ্জ কালবাড়ি এলাকার রেজাউল করিমের ছেলে শিহাব বাবু (২৪)।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, একটি মুরগির খামারে চুরির ঘটনা ঘটে। পরে চোর সন্দেহে মকবুল হোসেন নামে একজনকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) নূরে আফতাব সিদ্দিক জানান, গণপিটুনিতে গুরুতর আহত মকবুল হোসেন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ বদরগঞ্জ থানায় ছিল। তবে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।