
সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে আবারো দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দ্বিতীয় দফার তিন দিনের রিমান্ড শেষে দ্বীপকে আবারো সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং এতে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেয়া প্রয়োজন।
দ্বীপকে গত ২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুর থেকে আটক করে পিবিআই। ৩০ অক্টোবর রাতে তাহসিফের বাবা মামলা করার পর তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর ৩১ অক্টোবর তাকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দ্বীপের ডাকে তাহসিফ বাসার নিচে নামেন এবং মোটরসাইকেল নিয়ে বের হন। পরে একটি রেস্তোরাঁয় দ্বীপ, তাহসিফ ও দিশা একসাথে রাতের খাবার খান। এরপর উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে তাহসিফের কাছ থেকে তিনি আলাদা হয়ে যান।
দ্বীপের দেয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এছাড়া মাদকস্পট হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সাথে যাওয়ার কথাও স্বীকার করেন দ্বীপ।
এদিকে, বুধবার তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে (১৯) আরো তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির লাশ গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ-পুলিশ। ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








