
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাথে বিশ্রাম নেয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় সন্দেহভাজন গ্রেফতার হওয়া কিশোর আজান আলী শরীফকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো: আব্দুল মোক্তাদিরের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাথে বসে বিশ্রাম নেয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মেহেদী হাসান মীম নামে এক নির্মাণশ্রমিককে চাপা দেয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মেহেদীর বড় ভাই মোক্তাদির ইসলাম সোমবার রাজধানীর গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারে গাড়িটির চালক হিসেবে আকাশ মার্ক (৪৪) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। বাসস








