ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নয়া দিগন্ত
ads

‘শুধু প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জন করলেই চলবে না, সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

তিনি বলেন, ‘আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘ও-লেভেল ও এ-লেভেল অ্যাকাডেমিক অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড : গ্র্যান্ড ফ্যালিসিটেশন সিরিমনি ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডা: আব্দুল্লাহ তাহের বলেন, ‘ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। নানা অপপ্রচার ও প্রপাগান্ডা সত্ত্বেও সংগঠনটি এগিয়ে যাচ্ছে এবং নারী-পুরুষ নির্বিশেষে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে।’

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ঢাকা মহানগর দক্ষিণের আমির  নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, ‘শিক্ষার প্রকৃত লক্ষ্য হলো দেহ, মন ও আত্মার সুসমন্বিত উন্নয়ন।’ 

দেশের শিক্ষানীতি ও কারিকুলামে বাংলা ও ইংরেজি মাধ্যমের মধ্যে যথাযথ সমন্বয় না থাকায় এ-লেভেল সম্পন্ন করা মেধাবী শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘শুধু আন্তর্জাতিক মানের দক্ষতা বা সার্টিফিকেট অর্জনই যথেষ্ট নয় ; নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’ 

সমাজ ও সভ্যতার অগ্রগতিতে নারীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ইসলামে নারীদের শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়নি। শিক্ষা অর্জনের পর সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিতেও নারীরা ভূমিকা রাখবেন।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, ‘শুধু দক্ষতা বা ভালো ফলাফল দিয়ে একটি সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির পাশাপাশি সমাজের সর্বস্তরে আন্তরিকতা, স্বচ্ছতা ও সততার চর্চা প্রয়োজন।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ কাঙ্ক্ষিত অর্জনে পৌঁছাতে পারেনি। এর পেছনে ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক হীনচক্রান্ত, দুর্নীতি, ব্যাংক লুটপাট ও বিদেশে অর্থ পাচার দায়ী।’ 

জাপান, জার্মানি, চীন ও সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘এসব দেশ মানবসম্পদের সঠিক ব্যবহার, দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা এবং রাজনীতি ও প্রশাসনে মেধাবীদের মূল্যায়নের মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছেছে। অথচ বাংলাদেশে দলীয়করণের কারণে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। এতে মেধা পাচারের প্রবণতা বাড়ছে।’

দেশের সম্ভাবনার কথা তুলে ধরে শিবির সভাপতি বলেন, ‘মেধা, প্রাকৃতিক সম্পদ কিংবা পর্যটন সম্ভাবনার কোনো অভাব নেই; অভাব সঠিক ব্যবস্থাপনা ও দূরদর্শী পরিকল্পনার। পর্যটন ও খনিজ সম্পদকে কাজে লাগানোর পাশাপাশি শিক্ষা ও আর্থিক খাতে মেধাবী ও অভিজ্ঞদের মূল্যায়ন করতে হবে।’ 

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি প্রশিক্ষণ, মূলধন সরবরাহ ও করমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাব দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে নূরুল ইসলাম বলেন, ‘দেশ আমাদের কী দিয়েছে, সেই প্রশ্ন না করে আমি দেশকে কী দিতে পারলাম, তা ভাবতে হবে।’ 

ঘুষ ও দুর্নীতিমুক্ত জীবন গড়ে তোলা এবং মানবতার কল্যাণে আত্মপ্রত্যয়ী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, ‘কেবল বিপ্লব, গণঅভ্যুত্থান কিংবা বড় বড় অবকাঠামো নির্মাণের মাধ্যমে সমাজের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। এর জন্য মানুষের ভেতরে নৈতিক পরিবর্তন ও সততা প্রয়োজন।’ 

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ বিভিন্ন সংঘাতের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও মানুষের নৃশংসতা কমেনি। কেবল বিজ্ঞানের উন্নতি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য তাকওয়া ও স্রষ্টার কাছে জবাবদিহিতার অনুভূতি জরুরি।’

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের ও-লেভেল পরীক্ষায় নয়টি বিষয়ে এ (৯এ) অর্জনকারী শিক্ষার্থী জুয়াইরিয়া মাহমুদের মা। 

তিনি সন্তানদের সাফল্যে অভিভাবকদের ত্যাগ ও সঠিক দিকনির্দেশনার কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ায় ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান।

কেন্দ্রীয় গবেষণা ও উচ্চশিক্ষা সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম ও বর্তমান সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। 

এ সময় কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনী এবং প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি রেজাউল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।