বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলিসহ আটক দু’জন
বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলিসহ আটক দু’জন। নয়া দিগন্ত
ads

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দু’টি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন— চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শাহিন আলী (৩৮) ও একই উপজেলার জমিনপুর গ্রামের পিংকি খাতুন (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বহনকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় শাহিন আলীর পরনের প্যান্টের দুই পকেট থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ এমএমের দু’টি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’জন জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে অস্ত্রগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে খুলনায় নিয়ে যাচ্ছিলেন তারা। এ ঘটনায় গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। অস্ত্রগুলোর উৎস ও এর সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।