
খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়িবহরের কোনো ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে দিগ্বিদিক ছুটোছুটি করেন লংমার্চকে স্বাগত জানাতে জড়ো হওয়া নারী-পুরুষরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়িবহর খুলনার শিববাড়ী থেকে ফুলতলার দিকে যাওয়ার পথে ফুলবাড়ীগেট এলাকায় পৌঁছানোর আগেই হেলমেট পরা কয়েক ব্যক্তি পরপর চার-পাঁচটি ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণের পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করেন।
এর আগে ফুলবাড়ীগেট এলাকায় লংমার্চকে স্বাগত জানাতে নির্মিত একটি তোরণে আগুন দেয়া হয়। পরপর এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে কারা এ ঘটনার সাথে জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার বক্তব্য পাওয়া যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল বাসারের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
তবে একটি গোয়েন্দা সংস্থার একজন সদস্য ককটেল নিক্ষেপের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় খানজাহান আলী থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ দাবি করেন, মিরেরডাঙ্গা এলাকার দুই যুবদল নেতার নেতৃত্বে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই খানজাহান আলী থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও তিনি জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








