
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে উন্নয়নকাজ বন্ধ রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির এক দলীয় কর্মীসভায় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে তিনি উন্নয়নকাজ করবেন না। তার এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং মহান জাতীয় সংসদের সদস্য হিসেবে নেয়া শপথের সাথে সাংঘর্ষিক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, চিফ হুইপ তার বক্তব্যে বলেছেন, দলীয় প্রার্থী নির্বাচনে জয়ী না হলে আপনাদের আলমারিতে দাঁড়িয়ে থাকতে হবে। অন্য কেউ জয়ী হলে আমার কাছে আসতে পারবেন না, আমি কোনো কাজ দেবো না। ওই ইউনিয়নের কপাল পুড়বে। দল যাকে মনোনয়ন দেবে, তিনি জয়ী না হলে ওই ইউনিয়নে কোনো কাজ হবে না। তার এমন বক্তব্য স্থানীয় সরকার ব্যবস্থায় ভয়াবহ হস্তক্ষেপের হুমকি, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন এবং জনগণের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভীতি সঞ্চারের নগ্ন প্রয়াস।
জুবায়ের বলেন, বর্তমান সরকারের এমপি ও মন্ত্রীদের অনেকে অতীতের ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর মতো বক্তব্য দিচ্ছেন, যা দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করছে। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে তারা নিজেরাই নব্য ফ্যাসিবাদের পরিচয় ধারণ করছেন।
তিনি আরো বলেন, চব্বিশের জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। আমি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের আচরণ, বক্তব্য কিংবা কর্মকাণ্ড থেকে বিরত থেকে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার আহবান জানাচ্ছি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








