শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে মতবিনিময়
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান। সংগৃহীত

হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

Advertisement

বুধবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ সভায় হিন্দু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা, বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমানের বক্তব্য তুলে ধরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ সবার প্রিয় জন্মভূমি। এ দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ সবাই বাংলাদেশের নাগরিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, পূজামণ্ডপ ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতের নেতাকর্মীদের সহযোগিতার বিষয়টি সভায় প্রশংসিত হয়েছে। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের নেতারা তাদেরবিভিন্ন সমস্যা, বৈষম্য, বঞ্চনা ও অসুবিধার কথা তুলে ধরেছেন। এসব সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে বলে বিরোধীদলীয় নেতা তাদেরআশ্বস্ত করেছেন।

তিনি আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের নেতাদের বক্তব্য ও সমস্যাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। তাদেরসাথে ভবিষ্যতেও মতবিনিময় অব্যাহত থাকবে এবং তাদেরপাশে থেকে সহযোগিতা করা হবে।

সভায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন। শারদীয় দুর্গাপূজার আগে সম্প্রদায়ের নেতাদের আমন্ত্রণ জানানোর জন্য তিনি জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান।

সুব্রত চৌধুরী বলেন, ধর্ম-বর্ণ ও দলমত-নির্বিশেষে সবাইকে দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে একসাথে কাজ করতে হবে। পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে হবে।

হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হলে শুধু বক্তব্যে নয়, বাস্তবেও সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তারা নিজেদের বিভিন্ন সমস্যা ও বঞ্চনার কথা তুলে ধরে সেগুলো সমাধানে সরকার ও বিরোধীদলকে সম্মিলিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন ও ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মহানগর সার্বজনীন পূজা কমিটি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, বাংলাদেশ ঋষি পঞ্চায়েত ফোরাম, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ রবিদাস ফোরাম, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির নেতারা অংশ নেন।

সভায় উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।