
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
এ সময় স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের উদ্দেশে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের পাঠানো শুভেচ্ছাপত্র ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে হস্তান্তর করেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে স্পেন দূতাবাস আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
স্পেনের রাজাকে পাঠানো শুভেচ্ছাপত্রে ডা: শফিকুর রহমান স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা, রাজপরিবার, সরকার ও দেশটির জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে তিনি স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
চিঠিতে বাংলাদেশ ও স্পেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, অভিবাসন, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরা হয়। এ ছাড়া স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








