
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার (২১ নভেম্বর) ইসরাইলি হামলা ও গুলিতে চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন খাদ্যসহায়তা বহনকারী একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় নিহত হন।
গাজা সিটির আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামলার পর তিনজন পুরুষের লাশ হাসপাতালে নেয়া হয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্য বহনকারী একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
আল-শিফা হাসপাতাল জানায়, ওই ঘটনায় নিহত এক ব্যক্তির লাশও তারা গ্রহণ করেছে।
হামাসের কর্তৃত্বাধীন উদ্ধারকারী সংস্থা বেসামরিক প্রতিরক্ষা বাহিনী আরো জানায়, উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে একজন নিহত হয়েছেন।
এ ঘটনা সম্পর্কে মন্তব্য জানতে বার্তাসংস্থা এএফপি ইসরাইলি সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরাইল ও হামাস নিয়মিত পরস্পরকে দোষারোপ করে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে ইসরাইলের সাথে দুই বছরব্যাপী যুদ্ধ শুরু হয়।
ঘটনাস্থলে তোলা এএফপির ছবিতে দেখা যায়, বিস্ফোরণে একটি ভ্যানের ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়ির ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে খাবার।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা ওই এলাকায় ‘বেশ কয়েকজন সামরিক অভিযানে জড়িত ব্যক্তিকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে, শনিবার মধ্য গাজার বিভিন্ন স্থান থেকে ফিলিস্তিনিরা বুরেইজ শরণার্থীশিবিরের দক্ষিণ-পশ্চিমে আগের দিন বিমান হামলায় নিহত চারজনের জানাজায় অংশ নিতে জড়ো হন।
ওই হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজার মধ্যাঞ্চলে বেসামরিক ইসরাইলি নাগরিক ও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে বৈঠক করার সময় হামাসের সামরিক শাখার ‘বেশ কয়েকজন সন্ত্রাসীকে’ লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।
হামলায় নিহত ব্যক্তিদের একজনের ভাই মাহদি আবু গারকুদ ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেন, ‘নেতানিয়াহু যে যুদ্ধবিরতির কথা বলছেন, তা কোথায়?’
তিনি আরো বলেন, ‘গাজায় যুদ্ধ শেষ হয়ে গেছে—এমনটা ধরে নিয়ে পুরো বিশ্ব আমাদের পরিত্যাগ করেছে। অথচ এখনকার দিনগুলো প্রকৃত যুদ্ধের সময়ের চেয়েও বেশি দুর্বিষহ।’
এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় এক হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের কর্তৃত্বাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। জাতিসঙ্ঘের বিবেচনায় এসব পরিসংখ্যান নির্ভরযোগ্য।
একই সময়ে ইসরাইলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, তাদের সাত সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









