তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সাথে ডা: শফিকুর রহমানের বৈঠক 
তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সাথে বৈঠক করেন ডা: শফিকুর রহমান এমপি, বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সেই দেশের পার্লামেন্ট ভবন গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে। ছবি সংগৃহীত

তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সাথে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্পিকারের সাথে তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি উপস্থিত ছিলেন।

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের রাজধানী আঙ্কারায় সেই দেশের পার্লামেন্ট ভবন গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে অবস্থিত স্পিকারের দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যাত্রার জন্য অভিনন্দন জানান। একইসাথে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জামায়াতের ভূমিকার প্রশংসা করেন।

বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে তুরস্কের পার্লামেন্টের স্পিকারকে অবহিত করেন। তিনি বাংলাদেশের রোহিঙ্গা সঙ্কট ও এ সঙ্কট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তুরস্কের অব্যাহত সহযোগিতা ও মানবিক ভূমিকার জন্য তিনি তুরস্কের সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

সাক্ষাতকালে ডা: শফিকুর রহমান এমপি তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি স্পিকারের কাছে হস্তান্তর করেন

সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতা তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি স্পিকারের কাছে হস্তান্তর করেন।

বৈঠকে ডা: শফিকুর রহমান এমপি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক, সংসদীয়, শিক্ষাগত, প্রযুক্তিগত, শিল্প-সাহিত্য এবং মানবিক কার্যক্রম পিপল টু পিপল সম্পর্ক আরো জোরদার হবে বলে ‍দুই নেতা আশাবাদ ব্যক্ত করেন।

উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

A Jamaat delegation, including Dr- Shafiqur Rahman, with the Speaker of the Turkish Parliament

বৈঠকে বিরোধীদলীয় নেতার সাথে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান ও বিশিষ্ট চিকিৎসক এস এম খালিদুজ্জামান।