
মধ্যপ্রাচ্যে বৈশ্বিক অস্থিরতায় ইসরাইলি হামলা শুরুর পর থেকে চলমান যুদ্ধে লেবাননে নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবং যুদ্ধে হতাহতের পাশাপাশি, সহিংসতার কারণে দেশজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও বেড়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১ হাজার ১১৬ জন। আর আহত হয়েছেন আরও ৩ হাজার ২২৯ জন। খবর বিবিসির
লেবাননের বিপর্যয় ও ঝুঁকি ব্যবস্থাপনা দপ্তরের তথ্য অনুযায়ী, এ যুদ্ধে এই হতাহতের পাশাপাশি, সহিংসতার কারণে দেশজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ২৬২ জনে।
চলমান এই যুদ্ধে লেবাননে ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছে। এর আগে যুদ্ধের শুরুতে ‘ইসরায়েলের বিমান হামলার কারণে লেবাননে এক সপ্তাহে প্রায় ৭ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন।’ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জেনেভায় এক ব্রিফিংয়ে এ কথা জানায় বলে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।
বার্তাসংস্থা এএফপি জানায়, লেবাননে বিরাট পরিসরে মানুষের জীবন ওলটপালট হয়ে গেছে এবং ‘এই বাস্তুচ্যুতির গতি ২০২৪ সালে হিজবুল্লাহ–ইসরায়েল যুদ্ধের সময়ের চেয়েও দ্রুত।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।







