উত্তর কোরিয়া, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পরীক্ষা, বড় সাফল্য,
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সংগৃহীত

উত্তর কোরিয়া একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানিয়েছে। দেশটির দাবি, ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ একটি অংশে প্রযুক্তিগত উন্নয়নের ফলে তাদের আক্রমণাত্মক অস্ত্রের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

Advertisement

পাকিস্তানে ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার (১৩ অক্টোবর) আনাদোলু এজেন্সির বরাতে এ খবর জানায়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরীয় কেন্দ্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) জানায়, সোমবার দেশটির ক্ষেপণাস্ত্র প্রশাসন এই পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আধুনিক করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে পরীক্ষাটি করা হয়।

ক্ষেপণাস্ত্র প্রশাসন এই প্রযুক্তিগত উন্নয়নকে ‘বড় সাফল্য’ বলে অভিহিত করেছে। তাদের দাবি, এর ফলে আক্রমণাত্মক অস্ত্রের কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেগুলোকে আরো উন্নত করা সম্ভব হবে। অস্ত্রপ্রযুক্তির উন্নয়নে ক্ষেপণাস্ত্র প্রশাসন ও এর অধীন প্রতিষ্ঠানগুলোর নিয়মিত গবেষণার অংশ হিসেবে পরীক্ষাটি চালানো হয়েছে বলে কেসিএনএ জানায়।

এর আগে সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর অন্তত একটি ৯০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফলভাবে একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল পরীক্ষা করেছিল। ওই পরীক্ষার জবাবেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রগুলো ছুড়ে থাকতে পারে বলে ধারণা সিউলের।