নতুন, মার্কিন শুল্ক, জবাব, পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার,  চীনে, ট্রাম্প,
চীনের একটি বন্দরে রফতানির অপেক্ষায় নানা পণ্য। সংগৃহীত
ads

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ঘোষণার পর এর জবাবে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে।

চ্যানেল নিউজ এশিয়া (২৬ নভেম্বর) জানায়, বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়াদং বলেন, ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’কে শুল্ক আরোপের কারণ হিসেবে দেখানো আসলে সংরক্ষণবাদী নীতির অজুহাত।

তিনি বলেন, এ ধরনের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের নিজস্ব কাঠামোগত ভারসাম্যহীনতার সমস্যার সমাধান হবে না। বরং এতে বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে, শিল্প সহযোগিতা বাধাগ্রস্ত হবে, বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়বে এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তারা সরাসরি ক্ষতির মুখে পড়বেন।  একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদি ও কাঠামোগত ঝুঁকি তৈরি হবে।

হে ইয়াদং বলেন, ‘যুক্তরাষ্ট্রকে ভুল পদক্ষেপ সংশোধন করে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছে চীন।’

তিনি আরো বলেন, ‘পরিস্থিতির ওপর চীন নিবিড় নজর রাখবে। নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অধিকারও সংরক্ষণ করছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সাথে চীনের বিপুল বাণিজ্য উদ্বৃত্তের সমালোচনা করে আসছেন। তার অভিযোগ, এর ফলে যুক্তরাষ্ট্রের স্থানীয় উৎপাদনশিল্পের সক্ষমতা ও কর্মসংস্থান কমে গেছে।

গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর জেরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক বাড়ানোর ঘটনা ঘটে। একপর্যায়ে চীনা পণ্যের ওপর মার্কিন শুল্কের হার ১৪৫ শতাংশে পৌঁছায়।

২০২৫ সালের অক্টোবরে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বাণিজ্যযুদ্ধ সাময়িকভাবে স্থগিত রাখার যে সমঝোতা হয়েছিল, তা আগামী জানুয়ারিতে শেষ হওয়ার কথা। সেপ্টেম্বরে দুই মাসের জন্য ওই সমঝোতার মেয়াদ বাড়াতে সম্মত হয় দুই দেশ।

গত সপ্তাহে দক্ষিণ চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠক করেন ট্রাম্প ও শি জিনপিং। চলতি বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে চতুর্থবারের মতো তাদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

চীন, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানসহ বেশ কয়েকটি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব শুল্কের হার সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত হতে পারে। চীনের ওপরও সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, নতুন শুল্কের হার বেইজিংয়ের সাথে চলমান বাণিজ্য আলোচনার আওতার মধ্যেই রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে তিনি বলেন, ‘চীন জানে যে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র কিছু মাত্রায় শুল্ক আরোপ করবে। এই শুল্ক সেই সমঝোতার মধ্যেই পড়ে।’ তিনি আরো জানান, প্রায় ৩০ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর শুল্ক ছাড় দেয়ার প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র।