
ফুটবল মাঠে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন ছোটবেলা থেকেই। কিন্তু শ্রেণিকক্ষে সেই মেসি ছিলেন একেবারেই অন্য রকম—চুপচাপ, লাজুক; পড়াশোনাতেও খুব একটা মনোযোগ ছিল না।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির স্কুলজীবনের একটি নম্বরপত্র সামনে এনেছে তার শৈশবের সেই গল্প। তবে ছবিটি কিভাবে প্রকাশ্যে এসেছে, তা জানা যায়নি। এমনকি এটি কোন পরীক্ষার ফল, সেটিও নিশ্চিত নয়।
মূলত ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তেন মেসি। সে সময়ের একটি নম্বরপত্রের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নম্বরপত্র অনুযায়ী, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়েছিলেন মেসি। শিল্প ও সঙ্গীতে পেয়েছিলেন ৮, নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশী ভাষা ও প্রযুক্তি—প্রতিটি বিষয়ে তার নম্বর ছিল ৬।
ফুটবলে মেসির অসাধারণ দক্ষতার কথা বিবেচনায় নিলে শারীরিক শিক্ষায় পূর্ণ নম্বর পাওয়াটা অবশ্য খুব বেশি বিস্ময়কর নয়। স্কুলজীবনের বেশির ভাগ সময়ই ফুটবল নিয়ে মেতে থাকতেন তিনি।
তখন খেলতেন শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পড়াশোনায় গড়পড়তা হলেও খেলাধুলায় তার বিশেষ প্রতিভার কথা শিক্ষকরা আলাদাভাবে উল্লেখ করেছিলেন।
পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষক ছিলেন আন্দ্রেয়া সোসা। তার চোখে মেসি ছিলেন শান্ত ও লাজুক স্বভাবের ছেলে। শ্রেণিকক্ষের কার্যক্রমেও খুব একটা অংশ নিতেন না। তবে ফুটবল খেলতে মাঠে নামলেই বদলে যেতেন।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে সোসা বলেন, ‘সে খুব শান্ত ছেলে ছিল। লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিত না। কিন্তু ফুটবল খেলতে মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ সারা বিশ্ব চেনে।’
স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ও মেসির প্রথম শ্রেণির শিক্ষক মনিকা দোমিনাও একই রকম স্মৃতি জানিয়েছেন। তার ভাষায়, মেসির অনেক বন্ধু ছিল। সবাই তার সাথে ফুটবল খেলতে চাইত। ক্লাস শেষ হলেই মাঠে যাওয়ার জন্য বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। খেলাধুলাই ছিল মেসির সবচেয়ে বড় আগ্রহ।
নিজেও পড়াশোনায় নিজের দুর্বলতার কথা স্বীকার করেছেন মেসি। রোজারিওতে শৈশবের দিনগুলোর স্মৃতিচারণা করে একবার বলেছিলেন, ‘সত্যি বলতে, আমি কখনোই ভালো ছাত্র ছিলাম না।’
স্কুল বাড়ির খুব কাছে হলেও প্রায়ই দেরি করে পৌঁছাতেন বলে জানিয়েছিলেন তিনি।
বার্সেলোনায় যাওয়ার পরও পড়াশোনার প্রতি তার আগ্রহ খুব একটা বাড়েনি। মেসির নিজের ভাষ্য, ক্লাসে তারা অনেক মজা করতেন। পড়াশোনা কখনোই অগ্রাধিকারের তালিকায় ছিল না।
তিনি বলেন, ‘যেভাবে পেরেছি, সেভাবেই চালিয়ে নিয়েছি। আর দ্রুত পার পেতে আমরা সবাই একে অপরকে সাহায্য করেছি।’
তবে পড়াশোনায় খুব ভালো না হলেও শৈশবের স্কুলের সাথে সম্পর্ক ছিন্ন করেননি মেসি। তারকা হওয়ার পর একাধিকবার লাস হেরাস স্কুলে গেছেন। দিয়েছেন বিভিন্ন অনুদানও। তার সহায়তায় স্কুলটি পেয়েছে কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম। সংস্কার করা হয়েছে খেলার মাঠের বেঞ্চগুলোও।
একসময় যে স্কুলের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতেন, সেই স্কুলের সাথে সম্পর্ক এখনো অটুট মেসির। আর পুরোনো নম্বরপত্র সামনে আসায় নতুন করে আলোচনায় এসেছে মেসির শৈশব।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









