আধিপত্য বিস্তার, সংঘর্ষ, নিহত, বিএনপি, চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ নির্বাচন, মুন্সীগঞ্জ সদর থানা
মুন্সীগঞ্জ সদর থানা। নয়া দিগন্ত
ads

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত সেলিমের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। একপক্ষের নেতৃত্বে রয়েছেন রহিম মোল্লা ও অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন আওলাদ মোল্লা। আওলাদ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। রহিমও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের বিরোধের জেরে গত সপ্তাহেও দুগ্রুপ সংঘর্ষে জড়িয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ ভোরে আবারও উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ চরডুমুরিয়া ও সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে সংঘর্ষে আহত কয়েকজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিম নামে একজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দুগ্রুপের কারও বক্তব্য পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো: তছলিম উদ্দিন জানান, এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।