
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কত্বে আসছে পরিবর্তন। সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে আগামীকাল মাঠে নামার আগে দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পেয়েছেন তপু বর্মণ। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার আমের খান।
বুধবার (৪ নভেম্বর) টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ থমাস ডুলির সাথে উপস্থিত ছিলেন তপু। সেখানে তাকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন সাফের মিডিয়া ম্যানেজার জিগমে দর্জি। তবে পুরো টুর্নামেন্টে তপুই অধিনায়কের দায়িত্ব পালন করবেন কি-না, তা নিশ্চিত করেননি কোচ।
অধিনায়কত্ব নিয়ে ডুলি বলেন, ‘আমাদের দলে তিনজন রয়েছে অধিনায়ক হওয়ার মতো। তপু আগেও অধিনায়কত্ব করেছে। সে অধিনায়ক হতেই পারে।’
তার মতে, একেক ম্যাচে একেকজন অধিনায়ক হতে পারেন। দলে একাধিক নেতৃত্ব দেয়ার মতো খেলোয়াড় রয়েছেন।
২০১৮ সালের পর আবার ঢাকায় সাফ খেলতে পেরে উচ্ছ্বসিত তপু। এবার শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন তিনি। সেই লক্ষ্য বাস্তবায়নে মাঠে নামতে চান। ভুটান ম্যাচে অবশ্য হামজা চৌধুরীকে মিস করবেন তিনি। তবে হামজাকে না পেলেও ভালো শুরুর প্রত্যাশা তার।
তপু বলেন, ‘আমরা অবশ্যই কাল হামজাকে মিস করব। ভুটানের বিপক্ষে ভালো শুরু করে আমরা হামজাকে সুন্দর একটা ম্যাচ উপহার দিতে চাই।’
উল্লেখ্য, আগামীকাল ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








