হামজা চৌধুরী, বাংলাদেশ ফুটবল দল, আসিয়ান কাপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এলকান ব্যাগট, মিলওয়াল, শেফিল্ড ইউনাইটেড, ইংলিশ চ্যাম্পিয়নশিপ
হামজা চৌধুরী। সংগৃহীত

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল, বড় মঞ্চ আর কঠিন প্রতিপক্ষ—কোনোটিই বাংলাদেশকে ভয় পাইয়ে দিচ্ছে না। বরং শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের পাশাপাশি যত বেশি সম্ভব পয়েন্ট তুলে নেয়াই লক্ষ্য। আসিয়ান কাপ মিশন শুরুর আগে এমন আত্মবিশ্বাসের কথা জানালেন হামজা চৌধুরী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বে খেলবে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষদের সামনে নিজেদের প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন হামজা।

তিনি বলেন, ‘আমাদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলাটা স্পষ্টতই বড় সুযোগ। আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করা। আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু।’

হামজার কাছে শুধু ফলাফল নয়, এই টুর্নামেন্ট থেকে অভিজ্ঞতা অর্জনও গুরুত্বপূর্ণ। শক্তিশালী দলগুলোর বিপক্ষে ম্যাচগুলো বাংলাদেশের খেলোয়াড়দের শেখার সুযোগ করে দেবে বলে মনে করেন তিনি। নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে দেশকে গর্বিত করতে চান বাংলাদেশ দলের এই মিডফিল্ডার।

ইন্দোনেশিয়ায় দলের অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট হামজা। স্থানীয় মানুষের আতিথেয়তা, ফুটবলের জনপ্রিয়তা ও সুযোগ-সুবিধার প্রশংসা করেছেন তিনি।

তিনি বলেন, ‘এখানকার মানুষ খুব বন্ধুত্বপূর্ণ। এখানে ফুটবলের বিশাল জনপ্রিয়তা রয়েছে সুযোগ-সুবিধাগুলোও খুব ভালো। আগামীকাল খেলার জন্য আমি মুখিয়ে আছি।’

ইন্দোনেশিয়া সম্পর্কেও ইতিবাচক হামজা। দলটির র‌্যাঙ্কিং, খেলোয়াড়দের মান ও কোচিং স্টাফের প্রশংসা করেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বেও দলটি ভালো করতে পারে বলে মনে করেন বাংলাদেশের এই তারকা।

এই টুর্নামেন্টে হামজার নজরে থাকবেন ইন্দোনেশিয়ার ডিফেন্ডার এলকান ব্যাগটও। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব মিলওয়ালের এই তরুণ ফুটবলারের সাথে বিমানে দেখা হয়েছিল হামজার। ব্যাগটকে ‘খুব ভালো খেলোয়াড়’ হিসেবে উল্লেখ করে তার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে খেলতে মুখিয়ে থাকার কথাও জানিয়েছেন তিনি।

ক্লাব ফুটবলে ব্যাগট মিলওয়ালে আর হামজা শেফিল্ড ইউনাইটেডে খেলেন। ইংলিশ চ্যাম্পিয়নশিপে চলতি মৌসুমে এখনো দুই দলের মুখোমুখি হয়নি। তার আগেই জাতীয় দলের হয়ে একে অপরের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের।