স্বর্ণের নতুন দাম, স্বর্ণের দাম বৃদ্ধি, প্রতি ভরি স্বর্ণের দাম, বাংলাদেশে স্বর্ণের বাজার মূল্য
স্বর্ণের ভরি ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। সংগৃহীত

দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

Advertisement

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। এর পরিপ্রেক্ষিতে নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস।

এর আগে, বুধবার এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে বুধবারও ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছিল বাজুস।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।