
ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান সর্বসম্মতিক্রমে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)-বাংলাদেশের সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। তিনি দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন আইসিসি’র প্রধান কার্যালয় প্যারিসে।
বিশ্বের ১৭০টিরও বেশি দেশে আইসিসি’র কার্যক্রম রয়েছে। আইসিসি বিশ্বব্যাপী প্রায় চার কোটি ৫০ লাখ প্রতিষ্ঠান এবং ১০০ কোটিরও বেশি কর্মজীবী মানুষের প্রতিনিধিত্ব করে। বিশ্বে প্রতি তিনজন কর্মজীবীর মধ্যে একজনের জীবিকা কোনো না কোনোভাবে আইসিসির সদস্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত।
আইসিসি বিশ্বের একমাত্র বেসরকারি ও অ-সার্বভৌম সংস্থা, যা জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছে।
মাহবুবুর রহমান বর্তমানে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) ভাইস চেয়ারম্যান এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ছিলেন। এছাড়া তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বোর্ড সর্বসম্মতিক্রমে দু’জন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। তারা হলেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রূপালী চৌধুরী এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।
আইসিসি বাংলাদেশের ১৯ সদস্যের নির্বাহী বোর্ডে আরো রয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো: ফজলুল হক; ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ; মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান; চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক; বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ; বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান; বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম; বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।
এছাড়া বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন এনভয় টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, এভিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), আইওইউ (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান আফতাব উল ইসলাম, মীর আখতার হোসেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন, সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ও সিইও এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার, স্কয়ার টেক্সটাইলস পিএলসির চেয়ারম্যান তপন চৌধুরী এবং ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। বাসস







