রংপুরের চার খুনের চার্জশিট নিয়ে প্রেস ব্রিফিং করছেন মহানগর পুলিশ কমিশনার
রংপুরের চার খুনের চার্জশিট নিয়ে প্রেস ব্রিফিং করছেন মহানগর পুলিশ কমিশনার। নয়া দিগন্ত
ads

মাদক সেবন দেখে ফেলায় নয়, চুরির উদ্দেশ্যে গিয়ে বাধাগ্রস্ত হওয়ায় হত্যা করা হয় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে। হত্যাকারী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। এ ঘটনায় দাখিলকৃত চার্জশিটে এই দাবি করেছে ‍পুলিশ।

৩৫টি আলামতের ফরেনসিক রিপোর্টেও ওই ছয়জনের উপস্থিতি পাওয়া গেছে। ৬৬টি আলামত ছাড়াও ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য ও ডিজিটাল ডকুমেন্ট উপস্থাপন করা হয়েছে অভিযোগপত্রে।

প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান রংপুর মহানগর ‍পুলিশ কমিশনার। তার দাবি, পেশাদারিত্বের সাথে অকাট্য যুক্তিতেই দেয়া হয়েছে চার্জশিট। চার্জশিটের সাথে এই ঘটনায় তৎকালীন পুলিশ কমিশনারের প্রথম ব্রিফিংয়ের মিল পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মহানগর পুলিশের সম্মেলন কক্ষে বহুল আলোচিত রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজনের হত্যাকাণ্ডের ঘটনায় চার্জশিট নিয়ে ব্রিফিং করেন মহানগর পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) তোফায়েল আহমেদ, উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী।

চাঞ্চল্যকর এই চার খুনের ঘটনায় গ্রেফতার সিদ্ধার্থ ও মুগ্ধ দাসই জড়িত উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, ‘আমরা চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটির সংবাদ প্রাপ্তির পর থেকে শুরু করে নিরবিচ্ছিন্নভাবে তদন্ত করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস এই দু’জনই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই হত্যাকাণ্ডে তারা গণপতি বাবুর বাসায় অনেক টাকা-পয়সা রয়েছে এবং সেই টাকা-পয়সা চুরির উদ্দেশ্যেই সেখানে গিয়েছিল। চুরির কাজে তারা অপেক্ষা করতেছিল ছাদে এবং সেখান থেকে কোনো এক সময় তারা বাসায় ঢুকবে। ছাদে তাকে দেখে ফেলার কারণে প্রথমে গণপতি বাবুকে হত্যা করা হয়। পরে ঘটনার পরিক্রমায় তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্ন পরিস্থিতিতে হত্যা করা হয়।’