
নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতে মসজিদ থেকে ডেকে নিয়ে মাওলানা আমিরুল ইসলাম ওরফে রিয়াদ (৩২) নামে এক ইমামকে পিটিয়ে গুরুতর আহত করেছে মুখোশ ও হেলমেট পরিহিত দুর্বৃত্তরা।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিজয়নগর গ্রামের আশক মিয়াজী জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কোম্পানীগঞ্জ হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যেভাবে ঘটে হামলার ঘটনা
আশক মিয়াজী মসজিদের সভাপতি মো. মিজানুর রহমান বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জানান, ‘গত ৮ মাস ধরে রিয়াদ আশক মিয়াজী জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছে। বুধবার রাতে এশার নামাজ পড়ানোর পর তিনি মসজিদের বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুই যুবক তাকে মসজিদের বাইরে ডেকে নিয়ে যান। পরে মসজিদের দক্ষিণ পাশের নির্জন স্থানে পৌঁছালে আগে থেকে অবস্থান করা ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তার কপাল, মাথা ও পায়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তাকে আহত অবস্থায় সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। হামলাকারীদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।’
আহত রিয়াদ আশক মিয়াজী জামে মসজিদের ইমাম এবং পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার চরগুল্যাহখালী গ্রামের মরহুম আবুল খায়েরের ছেলে।
পুলিশের বক্তব্য
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবীবুর রহমান বলেন, ‘এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









