ফিলিস্তিনি, ইসরাইল, যুদ্ধ ও গণহত্যা, সিলিকন ভ্যালি, ভূমিকা,নজরদারি, এআই, হামলার লক্ষ্যবস্তু, নির্ধারণ, যুক্তরাষ্ট্র,  প্রযুক্তি প্রতিষ্ঠান,
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সেনাবাহিনী বিষয়ক সংগঠন অ্যাসোসিয়েশন অব দ্য ইউনাইটেড স্টেটস আর্মির বার্ষিক সম্মেলন ও প্রদর্শনীতে পালান্টিরের নামফলক দেখা যাচ্ছে। আল জাজিরা
ads

ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালানো, তাদের অবস্থান শনাক্ত করা এবং হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ক্রমেই স্পষ্ট হচ্ছে। ইসরাইলি সেনাবাহিনী অ্যামাজনের ক্লাউড ব্যবস্থায় ফিলিস্তিনিদের লাখ লাখ ছবি জমা করেছে বলে খবর প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। মানবাধিকারকর্মীদের মতে, ইসরাইলের সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পশ্চিমা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা কতটা গভীর, এ ঘটনা তারই প্রমাণ।

আল-জাজিরার সাথে কথা বলা মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকদের মতে, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের ওপর নজরদারি, তাদের অবস্থান শনাক্ত করা এবং হত্যার কাজে ইসরাইল যে প্রযুক্তি ও দক্ষতার ওপর নির্ভর করে, তার বড় অংশ আসে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। এর মধ্যে রয়েছে গুগল, পালান্টির ও মাইক্রোসফট। চলতি বছরের শুরুতে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এসব প্রযুক্তির কিছু অংশ ইসরাইলের কর্মকাণ্ডের প্রকাশ্য সমালোচক পশ্চিমা দেশগুলোর কাছেও রফতানি করা হয়েছে।

২০২৪ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান পালান্টির ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে। এর আওতায় ‘যুদ্ধসংশ্লিষ্ট অভিযান’ পরিচালনায় প্রযুক্তিগত সহায়তা দেয়ার কথা বলা হয়। একই সময়ে মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম অ্যাজুরে ফিলিস্তিনিদের আড়ি পেতে শোনা বিপুলসংখ্যক ফোনালাপ সংরক্ষণ করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এসব কথোপকথনের তথ্য ব্যবহার করে প্রাণঘাতী বিমান হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা নেয়া হয়েছে।

গাজায় ইসরাইলি চলমান গণহত্যায় বিক্ষুব্ধ শিশু হৃদয়

অন্যদিকে, ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’ চুক্তির আওতায় গুগল ও অ্যামাজন ইসরাইলি সেনাবাহিনীকে উন্নত চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সুযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াও ইসরাইলের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অর্থনীতিবিদদের মতে, প্রতিষ্ঠানটির দেয়া কর দেশটির বাজেট ঘাটতি কমাতে সহায়তা করেছে।

ফিলিস্তিনিদের ওপর প্রতিদিনের নজরদারির ভয়াবহতা তুলে ধরেছেন ডিজিটাল ও সামাজিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন সেভেন আমলেহের আবুখাতের। তিনি বলেন, ‘এই কাজ সবজায়গায়ই চলছে। পূর্ব জেরুজালেম কিংবা হেবরনে থাকলেও আপনার ছবি তোলা হচ্ছে। আমি যখন দৌড়ানোর মাঠে যাই, তখন চেকপোস্টে কিংবা রাস্তার পাশে থাকা ক্যামেরায় অসংখ্যবার আমার ছবি তোলা হয়।’

তিনি আরো বলেন, ‘অ্যামাজনে আপলোড করা ৩৫ লাখ ছবি কিছুই নয়। সব সময় সবার ছবি তোলা হচ্ছে। এরপর সেসব ছবি এমন সব ব্যবস্থায় যুক্ত করা হচ্ছে, যেগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না। কেন এসব করা হচ্ছে, সেটাও আমাদের জানানো হয় না।’

বিক্ষোভ চলছে- চলমান সংঘাতের মধ্যে মাইক্রোসফট বিল্ড সম্মেলনের কাছে গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভকারীদের শোভাযাত্রা

যুদ্ধে নেমেছে সিলিকন ভ্যালি

গত কয়েক বছরে সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিক অবস্থান ডানপন্থার দিকে ঝুঁকেছে। একই সময়ে ইসরাইলের প্রতি তাদের সমর্থনও আরো প্রকাশ্য হয়ে উঠেছে।

গাজায় ইসরাইলের গণহত্যাকারী যুদ্ধ চলাকালে পালান্টির প্রকাশ্যেই দেশটির প্রতি সমর্থন জানিয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ বলেন, ইসরাইলি বাহিনীকে আগাম অপরাধ শনাক্তকরণ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম সরবরাহ করেছে পালান্টির—এমনটা বিশ্বাস করার যথেষ্ট যুক্তিসংগত ভিত্তি রয়েছে। তিনি আরো বলেন, যথাযথ যাচাই-বাছাই করা হলে পালান্টিরের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনেক আগেই ইসরাইলের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করত।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক কর্মকাণ্ড ও মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার গাজায় ইসরাইলি হামলায় পালান্টিরের প্রযুক্তি ব্যবহারের অভিযোগের বেশ কিছু তথ্য নথিভুক্ত করে। তবে পালান্টির যুদ্ধাপরাধে সহযোগিতার অভিযোগ অস্বীকার করেছে। ইসরাইলি সেনাবাহিনীর ‘ল্যাভেন্ডার’ ও ‘গসপেল’ নামের এআই-সহায়তাপুষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ ব্যবস্থা তৈরির সাথেও নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

ইসরাইলের বিরুদ্ধে নিঃশব্দ বিক্ষোভের একটি দৃশ্য

তবে যুদ্ধের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পর্যবেক্ষণকারী সংস্থা ওপেন ইন্টেলের দাবি, পালান্টিরের সফটওয়্যার ইসরাইলি সেনাবাহিনীর বিভিন্ন তথ্য একত্র করার কাজে যুক্ত। এর মধ্যে রয়েছে আড়ি পেতে শোনা কথোপকথন, উপগ্রহের ছবি এবং অন্যান্য তথ্য। এসব বিশ্লেষণ করে সামরিক হামলার লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করা হয়।

পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সহায়তার অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে প্রজেক্ট নিম্বাস। ফ্রান্সেসকা আলবানিজের প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির নিজস্ব ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ওপর চাপ বেড়ে যায়। একপর্যায়ে সেই ঘাটতি পূরণে এগিয়ে আসে অ্যামাজন ও গুগল।

ইসরাইলি সেনাবাহিনীর কর্মকাণ্ডে ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল ব্যবহারের খবরও পাওয়া গেছে। মাইক্রোসফটের অ্যাজুরে প্ল্যাটফর্মের মাধ্যমে এসব মডেল ব্যবহারের সুযোগ দেয়া হয়েছিল বলে জানা গেছে। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ফাঁস হওয়া নথিতে দেখা যায়, ২০২৩ সালের আগস্টে ইসরাইলি সেনাবাহিনী ওপেনএআইয়ের জিপিটি-৪ ব্যবহারের সুযোগ কেনা শুরু করে। গাজায় যুদ্ধ শুরুর পর মডেলটির ব্যবহার বেড়ে যায় ২০ গুণ।

এ বিষয়ে আল-জাজিরাকে দেয়া বিবৃতিতে ওপেনএআই জানায়, ইসরাইলের সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থার সাথে তাদের কোনো চুক্তি নেই। প্রতিষ্ঠানটি আরো বলে, মাইক্রোসফট অ্যাজুরের মাধ্যমে কোন কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করবে, সে বিষয়ে তাদের নিয়ন্ত্রণ নেই। তবে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কাছে নিজেদের প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব এলে তা জাতীয় নিরাপত্তা নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ কি না, সে বিষয়ে কঠোর যাচাই করা হয়।

সামরিক গোয়েন্দা বিভাগ থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানে

যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাথে ইসরাইলি সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের সদস্যদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকেরা। বিশেষ করে ইসরাইলি সেনাবাহিনীর সাইবার যুদ্ধ পরিচালনাকারী ৮২০০ ইউনিটের সাবেক ও বর্তমান সদস্যদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

২০২৫ সালে ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সামরিক গোয়েন্দা বিভাগের বর্তমান ও সাবেক সদস্যদের একটি তথ্যভান্ডার বিশ্লেষণ করে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন এমন সদস্যের সংখ্যা প্রায় ১ হাজার ৪০০। তাদের মধ্যে প্রায় ৯০০ জনই ৮২০০ ইউনিটের সদস্য। মাইক্রোসফটে কাজ করছেন প্রায় ২৫০ জন। বাকিরা এনভিডিয়া, মেটা, গুগল, ইন্টেল ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানে রয়েছেন।

একই প্রতিষ্ঠানে সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক সদস্যদের এত বেশি উপস্থিতি স্বার্থের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে মাইক্রোসফটের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, ইসরাইলে কর্মরত কয়েকজন কর্মী ৮২০০ ইউনিট কীভাবে তাদের প্রযুক্তি ব্যবহার করছে, সে বিষয়ে প্রতিষ্ঠানকে পুরোপুরি তথ্য দেননি। এতে  মাইক্রোসফটের ঊর্ধ্বতন পর্যায়ে উদ্বেগ তৈরি হওয়ার খবরও প্রকাশিত হয়।

চলতি বছরের শুরুতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, মাইক্রোসফটের এক তদন্তে দেখা গেছে, ইসরাইলে কর্মরত কয়েকজন কর্মী প্রতিষ্ঠান ও ইসরাইলি সেনাবাহিনীর প্রতি নিজেদের আনুগত্য নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়েন।

ফিলিস্তিনের পক্ষে প্রযুক্তি ব্যবহারের আন্দোলন ‘টেক ফর প্যালেস্টাইন’-এর অন্যতম প্রতিষ্ঠাতা পল বিগার বলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্তরে ইসরাইলি সামরিক বাহিনীর সাবেক সদস্যরা রয়েছেন।

তার ভাষায়, ‘৮২০০ ইউনিটের সদস্যদের প্রায়ই এসব প্রতিষ্ঠানের উচ্চপদে নিয়োগ দেয়া হয়। এরপর তারা নিজেদের মতো প্রযুক্তি ও গোয়েন্দা অভিজ্ঞতাসম্পন্ন লোকজনকে নিয়োগ দেন। এভাবে প্রতিষ্ঠানের মধ্যে তাদের আগের ইউনিটের সাথে সম্পর্কিত একটি সংস্কৃতি তৈরি হয়।’

তিনি আরো বলেন, ‘মনে রাখতে হবে, এরা গোয়েন্দা কর্মকর্তা। তাই তাদের প্রধান লক্ষ্য থাকে ৮২০০ ইউনিট থেকে আরো বেশি মানুষকে নিয়ে এসে নিজেদের প্রভাব বাড়ানো। এমনকি যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইসরাইলি কোম্পানি অধিগ্রহণের ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে।’

গুগল ও অ্যামাজনকে দেয়া প্রজেক্ট নিম্বাসের ১২০ কোটি ডলারের চুক্তির বাইরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে মোট কত টাকার ব্যবসা হয়, তার নির্ভরযোগ্য হিসাব পাওয়া কঠিন। তবে অর্থের পরিমাণ যা-ই হোক, ইসরাইলের সামরিক শক্তি ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি মিলে বিশ্বের সবচেয়ে বেশি নজরদারির শিকার জনগোষ্ঠীগুলোর একটি তৈরি করেছে।

নজরদারির অদৃশ্য জাল

জালাল আবুখাতের জানান, নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়া তার ঘনিষ্ঠ কয়েকজনের অভিজ্ঞতা থেকে নজরদারির ব্যাপকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাদের সামনে নিজেদের পুরো জীবনের একটি মানচিত্র তুলে ধরা হয়েছিল। ফোনের অবস্থান অনুসরণ এবং সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে কোথায় কখন গেছেন, কতক্ষণ ছিলেন—সব তথ্য সেখানে দেখানো হয়।

তিনি বলেন, ‘আমি ভাগ্যবান যে এখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। কিন্তু আমার কাছের কয়েকজনকে নিরাপত্তা বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর তাদের সামনে জীবনের প্রতিটি গতিবিধির একটি মানচিত্র তুলে ধরা হয়েছিল।’

আবুখাতেরের আশঙ্কা, নজরদারির প্রকৃত পরিধি সম্পর্কে মানুষ এখনো খুব সামান্যই জানে। তিনি বলেন, ‘এর অর্ধেক সম্পর্কেও আমাদের ধারণা নেই। ২০২৫ সালে মাইক্রোসফটের ভূমিকা প্রকাশ পাওয়ার পর জানা যায়, নেদারল্যান্ডসের একটি সার্ভারে ২০ কোটি ঘণ্টার অডিও রেকর্ডিং রাখা হয়েছিল। সেটি ছিল মাত্র একটি সার্ভার। অন্য প্রতিষ্ঠানগুলোর কাছে কী আছে, তারা কী সংগ্রহ করছে এবং এসব তথ্য দিয়ে কী করছে, তা কে জানে?’

অভিযোগের বিষয়ে মাইক্রোসফটের এক মুখপাত্র আল-জাজিরাকে বলেন, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বেসামরিক মানুষের ওপর ব্যাপক নজরদারিতে তাদের প্রযুক্তি ব্যবহার করেছে—এমন অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটি তদন্ত করেছে। জুন মাসে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের তদারকি ও জবাবদিহি ব্যবস্থা আরো শক্তিশালী করার লক্ষ্যে নেয়া পদক্ষেপের কথাও তুলে ধরা হয়েছে।

তিনি জানান, মাইক্রোসফটের নীতিমালা লঙ্ঘন করে প্রযুক্তি তৈরি বা ব্যবহারের কোনো ঘটনা সম্পর্কে কর্মীরা যাতে পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারেন, সে ব্যবস্থাও করা হয়েছে। এ জন্য চালু করা হয়েছে ‘মাইক্রোসফট ইন্টেগ্রিটি পোর্টাল’।

অ্যামাজন ওয়েব সার্ভিসেসের এক মুখপাত্র বলেন, তারা গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে সম্মান করেন। গ্রাহকের অনুমতি ছাড়া তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেন না। গ্রাহকেরা তাদের ক্লাউড ব্যবস্থায় কী ধরনের কাজ করছেন, সে বিষয়েও অ্যামাজনের জানার সুযোগ নেই। তিনি বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা ও বৈঠকের জন্য গ্রাহকদের নিয়মিত তাদের কার্যালয়ে আসা স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ডের অংশ। এসব সফরকে অন্য কোনো উদ্দেশ্যের সাথে যুক্ত করার দাবি ভিত্তিহীন।

ওপেনএআইও তাদের আগের বক্তব্য পুনর্ব্যক্ত করে জানায়, ইসরাইলি সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থার সাথে তাদের কোনো চুক্তি নেই। মাইক্রোসফট অ্যাজুরের মাধ্যমে কোন প্রতিষ্ঠান প্রযুক্তি ব্যবহার করবে, তা নিয়ন্ত্রণ করার ক্ষমতাও তাদের নেই। জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কাছে প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব এলে তা যাচাইয়ের জন্য কঠোর প্রক্রিয়া অনুসরণ করা হয়।

তবে এ বিষয়ে মন্তব্যের জন্য আল-জাজিরা পালান্টির, গুগল, এনভিডিয়া ও ইসরাইলি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছে। এখনও আল জাজিরা তাদের   কোনো জবাব পায়নি। 

সূত্র: আল-জাজিরা