
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন ও বিল পরিশোধ করতে পারছেন না গ্রাহকরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্টের দোকান বন্ধ রয়েছে। যেসব দোকান খোলা রয়েছে, সেখানেও কোনো ধরনের লেনদেন হচ্ছে না। একই চিত্র দেখা গেছে জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও। সেবা নিতে এসে অফিস বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা।
কাস্টমার কেয়ারের সামনে অপেক্ষমাণ গ্রাহক জিল্লুর রহমান জানান, সকাল থেকে টাকার জন্য ঘুরছেন তিনি। দোকানে গেলে সার্ভার বন্ধ অথবা টাকা নেই বলে জানানো হচ্ছে। কাস্টমার কেয়ারে এসে দেখেন সেটিও বন্ধ। জরুরি চিকিৎসার প্রয়োজনে টাকা পাঠাতে না পেরে বিপাকে পড়েছেন তিনি।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, গতকাল রাত থেকেই তার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করতে পারছেন না। কল সেন্টারে যোগাযোগ করেও কোনো তথ্য বা কারণ জানতে পারেননি। বৃহস্পতিবার দুপুরে তার নম্বরে একটি বার্তা আসে, যেখানে অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে জানানো হয়।
তিনি আরো বলেন, বিকাশের মাধ্যমেই নিয়মিত লেনদেন করেন। প্রয়োজনীয় অর্থও অ্যাকাউন্টে রয়েছে। কিন্তু ব্যবহার করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থানীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক জানান, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে আগামী ৩০ নভেম্বর থেকে আবার কার্যক্রম চালু হতে পারে বলে জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









