
পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি কাদামাটিতে ভরা সামরিক প্রশিক্ষণকেন্দ্রে শুক্রবার (২০ নভেম্বর) হঠাৎ করেই ইউক্রেন যুদ্ধের উত্তাপ টের পেলেন ইউরোপের ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর সেনারা।
রাশিয়ার সাথে শান্তিচুক্তি হলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েনের জন্য গঠিত ইউরোপীয় বাহিনীর প্রস্তুতি হিসেবে তারা সেখানে সামরিক মহড়া চালাচ্ছিলেন। তবে এ ধরনের শান্তিচুক্তি এখনো সুদূরপরাহত।
ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে নোভা ডেবা শহরের একটি সামরিক শিবিরে প্রশিক্ষণ নিচ্ছিলেন ইউক্রেনের জন্য বহুজাতিক বাহিনীর (এমএনএফ-ইউ) সদস্যরা। এ সময় কয়েকজন সেনার মোবাইল ফোনে বিমান হামলার সতর্কবার্তা এলে পরিস্থিতি হঠাৎ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
পোলিশ কর্তৃপক্ষের পাঠানো ওই বার্তায় সম্ভাব্য বিমান হামলার বিষয়ে নাগরিকদের সতর্ক করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
পোলিশ কর্তৃপক্ষ জানায়, এর কিছুক্ষণ পর প্রশিক্ষণকেন্দ্র থেকে গাড়িতে প্রায় দেড় ঘণ্টার দূরত্বে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এ ঘটনাকে ‘উসকানি’ বলে অভিহিত করেন।
তবে পোল্যান্ডে মহড়ায় অংশ নেয়া ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও স্পেনসহ ইউক্রেনের মিত্র দেশগুলোর সেনাদের প্রশিক্ষণ কার্যক্রম স্বাভাবিকভাবেই চলতে থাকে।
একটি কংক্রিটের বাংকারের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘এমনিতেই প্রশিক্ষণকেন্দ্রটি সুরক্ষিত। কোয়ালিশনের মহড়ার অংশ হিসেবেই এ ব্যবস্থা রাখা হয়েছে।’
কাছেই সরঞ্জাম মেরামতের শেড ও দোতলা খাটে ভরা তাঁবুর পাশে একটি রাডার আকাশে সম্ভাব্য হামলার ওপর নজর রাখছিল।
‘স্পষ্টতই বিপজ্জনক’
এ ঘটনার মধ্যেই ব্রিটেন, ফ্রান্স, এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রীরা প্রশিক্ষণকেন্দ্রটি পরিদর্শনে নোভা ডেবায় যান।
১০টি দেশের প্রায় দুই হাজার ৮০০ সেনা সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের সহায়তায় কয়েক হাজার পোলিশ সেনা রসদ ও অন্যান্য সহযোগিতার দায়িত্ব পালন করছেন।
ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বাধীন এ বাহিনী প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেই ইউক্রেনে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। বাহিনীর মূল লক্ষ্য, রাশিয়ার ভবিষ্যৎ যেকোনো আগ্রাসন প্রতিরোধ করা।
টাস্ক বলেন, ক্ষেপণাস্ত্রটি এত কাছাকাছি আঘাত হানার ঘটনা ‘কাকতালীয় বলে মনে হচ্ছে না’।
তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
তবে ইউরোপের অন্যান্য নেতারাও এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ঘটনাটিকে ‘স্পষ্টতই বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন। শনিবার তার ওয়ারশ সফরের কথা রয়েছে।
ফরাসি জেনারেল ব্রুনো হেলুইন এএফপিকে বলেন, ‘মাত্র চার মাসের মধ্যে এ ধরনের মহড়ার আয়োজন করা সত্যিই বড় চ্যালেঞ্জ।’
সাংবাদিকদের সামনে আয়োজিত প্রদর্শনী শেষে তিনি বলেন, তুলনামূলকভাবে ন্যাটোর মহড়ার প্রস্তুতি নিতে দুই বছর সময় লাগে। সবকিছু সুষ্ঠু, স্পষ্ট ও সুশৃঙ্খলভাবে আয়োজন করতে আমরা এতটা সময় নিই।
বহুজাতিক বাহিনীর চ্যালেঞ্জ
পরিদর্শন উপলক্ষে ফ্রান্স ও জার্মানির যুদ্ধবিমান আকাশে উড়ে মহড়া প্রদর্শন করে। একটি বড় ড্রোনের সাহায্যে আহত এক সেনাকে সরিয়ে নেয়ার মহড়াও দেখানো হয়।
তবে মহড়ার প্রধান লক্ষ্য ছিল বিভিন্ন দেশের সেনারা একসাথে কাজ করার জন্য কতটা প্রস্তুত, তা যাচাই করা।
কেভিন নামে এক ফরাসি সার্জেন্ট বলেন, ‘এতগুলো ভিন্ন দেশের সেনাদের সাথে কাজ করার অভ্যাস আমাদের নেই। এটি এমন একটি মিশন, যেখানে অন্যদের কাজের ধরন ও নতুন সরঞ্জাম সম্পর্কে জানা যায়।’
এ বাহিনীতে যোগাযোগের প্রধান ভাষা ইংরেজি।
সার্জেন্ট কেভিন বলেন, ‘ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে উঠতে হয়।’
জেনারেল হেলুইন মহড়ার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দুই সপ্তাহ আগের তুলনায় এখন আমরা অনেক ভালোভাবে একসাথে কাজ করতে পারছি।’
তিনি আরো বলেন, ‘যুদ্ধবিরতি হলে ইউক্রেনের অনুরোধে এবং দেশটির প্রয়োজন অনুযায়ী সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত।’
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









