ফুলকুঁড়ি
ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী। নয়া দিগন্ত
ads

কুমিল্লায় জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় জেলা নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ স্লোগান সামনে রেখে ফুলকুঁড়ির মহানগরী শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক গুণাবলিতে সমৃদ্ধ আদর্শ নাগরিক হিসেবে শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, সত্যবাদিতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সৃজনশীলতার চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।’

সভাপতির বক্তব্যে ডা: এন এম শাহজাহান বলেন, ‘শিশু-কিশোররাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাদের মধ্যে ছোটবেলা থেকেই নৈতিকতা, সততা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে। মেধা ও মননের বিকাশের পাশাপাশি সুন্দর চরিত্র গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে আদর্শবান প্রজন্ম গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াদ খান, কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি অধ্যাপক মজিবুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা আসরের পরিচালক বায়েজিদ আলম আবির ও মুছা সরদার। অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নে দায়িত্ব পালন করেন কুমিল্লা মহানগরীর সহকারী পরিচালক মইনুল ইসলাম আদনান, মহানগরী শিক্ষা সম্পাদক মিরাজুল ইসলাম ভূঁইয়া সানি, অফিস সম্পাদক তামজিদ হোসেনসহ মহানগরী শাখার অন্যান্য দায়িত্বশীল ও সংগঠকরা।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।