
ভারত ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার নামে মুসলিমদের লক্ষ্যবস্তু করে বাদ দিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিকে এ অভিযোগ করে মার্কিন কমিশন।
কমিশনটির প্রধান আসিফ মাহমুদ বলেন, ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে, তাদের ‘বিদেশী’ আখ্যা দিয়ে এবং এখন অবৈধভাবে দেশ থেকে বের করে দেয়ার মাধ্যমে তাদের লক্ষ্যবস্তু করছে।
তিনি আরো বলেন, ‘এসব ঘটনা এমন সময়ে ঘটছে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে অভিহিত করে তাদের বহিষ্কার করার কথা বলেছেন।’
গত ২ নভেম্বর অমিত শাহ দাবি করেন যে, এসআইআর প্রক্রিয়ায় যে তিন কোটি ভোটারকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে, তারা সবাই ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’।
এদিকে বিরোধী দলগুলো ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়ার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, যেসব এলাকায় এই সংশোধন কার্যক্রম চালানো হয়েছে, সেখানে ১৩ কোটি ভোটারকে উদ্দেশ্যমূলকভাবে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
কমিশনটির কমিশনার জিন মিলস বলেন, ‘মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারত সরকারের নিজেদের নাগরিকদেরই দেশ থেকে বের করে দেয়ার ঘটনাটি ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার কৌশলের এক উদ্বেগজনক ও চরম পর্যায়।’
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরকে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
এই কমিশনটি যুক্তরাষ্ট্র সরকারের একটি স্বাধীন সংস্থা। বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংস্থাটি নীতিগত পরামর্শ দিয়ে থাকে। তবে তাদের দেয়া পরামর্শ মেনে চলা বাধ্যতামূলক নয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কমিশনের এই অভিযোগগুলো বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র : স্ক্রল ডট ইন
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









