ড্রোন হামলা, রুশ, এআই সংস্থা ইয়ানডেক্স, ডাটা সেন্টার,  বন্ধ,
ইউক্রেনের ড্রোন হামলার পর রুশ এআই সংস্থা ইয়ানডেক্স কোম্পানির ‘সাসোভো হাব’ থেকে ধোঁয়া হচ্ছে। আল জাজিরা

রাশিয়ার শীর্ষ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ইয়ানডেক্সের একটি ডাটা সেন্টার ড্রোন হামলার শিকার হয়ে বন্ধ হয়ে গেছে। রোববার এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, দেশটির রাজধানী মস্কোর পূর্বে ভ্লাদিমির শহরের ওই স্থাপনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হামলায় ক্ষতিগ্রস্ত সেন্টারে জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। একই সঙ্গে  বুদ্ধিমত্তা সংস্থাটির  স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা চলায় সংস্থাটির বেশ কিছু সেবা গ্রাহকদের জন্য সাময়িকভাবে বন্ধ রয়েছে।

Advertisement

সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক জরুরি সতর্কবার্তায় ইয়ানডেক্স জানায়, কেন্দ্রটির সমস্ত কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। সংকটকালীন প্রোটোকল মেনে ব্যবস্থা পরিচালিত হওয়ায় গ্রাহকদের জরুরি বিকল্প ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, ব্যাকআপ সক্ষমতা বা অবশিষ্ট নেটওয়ার্ক কাঠামো এখন ঝুঁকির মুখে রয়েছে। ফলে ক্ষয়ক্ষতি মূল্যায়নের কাজ চলায় কারিগরি সহায়তা দলের সঙ্গে যোগাযোগব্যবস্থাও ব্যাহত হতে পারে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একে অপরের প্রযুক্তিগত অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার হওয়ার পর মাত্র এক সপ্তাহের মধ্যে এটি ইয়ানডেক্সের কেন্দ্রগুলোতে তৃতীয় আক্রমণ। এর আগে শুক্রবার মস্কোর দক্ষিণ-পশ্চিমের কালুগা অঞ্চলের ডাটা সেন্টারে ইউক্রেনীয় ড্রোন হামলায় সেটি আংশিক অকার্যকর হয়ে পড়ে। তার আগের দিন মস্কোর দক্ষিণ-পূর্বে অবস্থিত সাসোভোর ডাটা হাবটি হামলায় বন্ধ হয়, যেখানে কোম্পানিটির কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরির তিনটি সুপারকম্পিউটারের দুটি রাখা ছিল।

সাসোভো কেন্দ্রে হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত বৃহস্পতিবার বলেন, তারা সবসময় সমান তালে জবাব দিয়ে আসছেন। রুশ বাহিনী ক্রমাগত ইউক্রেনের ডাটা সেন্টারে আঘাত হানায় কিয়েভও পাল্টা হামলা চালাচ্ছে উল্লেখ করে তিনি জানান, নিরাপত্তার স্বার্থে সব বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। মূলত ইন্টারনেট সংযোগ ও ডিজিটাল বাণিজ্য অচল করার উদ্দেশ্যে গত এক মাসে কিয়েভের কেন্দ্রস্থলসহ ইউক্রেনের একাধিক ডাটা সেন্টার ও টেলিযোগাযোগ কেন্দ্রে হামলা চালায় রাশিয়া।